img

টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

প্রকাশিত :  ১৫:২২, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৫৭, ১৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন

আসামি ধরাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা) আওয়ামী লীগ ও ছাত্রলীগের তাণ্ডব চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। 

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি। 

img

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশিত :  ১৭:২৩, ১৭ নভেম্বর ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 
নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক। 

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 
এর আগে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর চালায় তারা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক লোককে হাসপাতালে আনা হয়েছে। আমরা পরীক্ষার-নিরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন। 
এ ব্যাপারে রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 
এদিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। 

এদিকে কৃষক দল নেতা নিহতের ঘটনার পর উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের শত শত নেতারা মহাসড়কে অবস্থান নিয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। 

বাংলাদেশ এর আরও খবর