img

বাগেরহাটের বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ. লীগ নেতাকর্মীরা

প্রকাশিত :  ১৩:৪৩, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:৪৪, ১৯ নভেম্বর ২০২৬

বাগেরহাটের বিএনপি নেতাকে ‘তুলে’ নিয়ে গেল আ. লীগ নেতাকর্মীরা

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে ‘তুলে’ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সঙ্গে থাকা তার গাড়িচালক হাসান ও বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েনকে মারধর করে ছেড়ে দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

মারধরের শিকার গাড়িচালক ও আরেক বিএনপি নেতা নিরাপদ আছেন বলে জানা গেছে। অপহরণের শিকার মনিরুল হক ফরাজির সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তারা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটে আসছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

বাধা পেরিয়ে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাদের  গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাদের মারধর করা হয়।

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরো জাানান, একপর্যায়ে তাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা।

মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে বিএনপি, বিএনপি বলে চিৎকার করতে থাকে। পরে তাকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে তারা দুজন গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।

বাগেরহাট জেলা বিএনপির সূত্রে জানা যায়, বিএনপি নেতা ময়েন বর্তমানে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও ফোন করে অভিযোগ করা হয়েছে। মনিরুল হক ফরাজিকে উদ্ধারে দলীয়ভাবেও চেষ্টা চলছে। একটি সূত্রের মাধ্যমে গাড়িটি সড়কের পাশে পড়ে থাকার খবর পাওয়া গেছে।  

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ময়েন আমাকে মনিরুল হক ফরাজিকে অপহরণের বিষয়টি জানিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে তুলে নিয়ে গেছেন। তাকে উদ্ধারে প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে চেষ্টা চলছে এবং বিষয়টি সবাইকে জানানো হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। নিখোঁজ মনিরুল হক ফরাজীকে উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।  

জাতীয় এর আরও খবর

img

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি

প্রকাশিত :  ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে । কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার ইসির ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিতঁ হবে তা দেখতে এখানে ক্লিক করুন।