img

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০১৫

প্রকাশিত :  ১১:৩১, ২৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৪, ২৮ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ১০১৫

সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আটজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৮০ জন।

অন্যদিকে চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাথ ৬৩ হাজার ৭৬৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।  

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়াদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহের দুজন করে রোগী রয়েছে। এছাড়া সিলেট ও খুলনায় মারা গেছে একজন করে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৫৪ জন এবং হামের উপসর্গ মিলেছে ৯৬১ জনের শরীরে।

প্রতিবেদন আরও বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।  

img

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :  ০৮:০৩, ২৮ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে । তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। কারও দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আহত পুলিশ সদস্যদের কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে আরও দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে। কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন। নিয়োগের সময় তারা শপথ নেন, প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলার মধ্যে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এতে কোনো শ্রমিক আহত বা হতাহত হননি। বিষয়টি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করতে বদ্ধপরিকর। তারা সব সময় প্রস্তুত থাকে। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বিবেচনায় রেখেই পুলিশ ও অন্যান্য বাহিনী কাজ করে।

সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছেন। তবে তারা সফল হবেন না।

তিনি আরও বলেন, ‘সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দুয়েকটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে বলে শুনেছি ও দেখেছি। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’

সীমান্ত এলাকায় অপতৎপরতা এবং বিজিবির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা তারা জানেন না। তবে সীমান্তের এপারে দেশের ভেতরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আর কারও কথা বলা প্রাসঙ্গিকতাহীন, অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব দেব না।

জাতীয় এর আরও খবর