img

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

প্রকাশিত :  ১৩:০০, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৫, ২৬ নভেম্বর ২০২৬

তৃণমূলে নাশকতা মোকাবিলায় সতর্ক বিএনপি, ৫ সদস্যের বিশেষ টিম

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে পাঁচ সদস্যের বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। টিমের সদস্যরা ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করে সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা মোকাবিলার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ ও দলীয় শৃঙ্খলা ধরে রাখতেও কাজ করছে এই টিম। বিশেষ করে ডিসেম্বর সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড।

বিশেষ টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তারা সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। টিমকে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার নির্দেশনা রয়েছে দলটির।

ইতোমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিশেষ টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বশীল নেতারা। 

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক বা আহ্বায়ক-সদস্য সচিব এবং নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী ও নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতারা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংগঠনিক বিভাগের নেতৃবৃন্দ ও সংসদ-সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এটা চলমান থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা একজন নেতা জানান, পাঁচ সদস্যের টিমের কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা হবে। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা নেতৃত্বের যোগাযোগ বাড়ানো হবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে রয়েছে।

বিএনপির নেতারা মনে করছেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে শুধু কেন্দ্রীয় নির্দেশনা দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। এজন্য জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় যোগাযোগ এবং সমন্বয় জোরদার করা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে কোনো সন্দেহজনক তৎপরতা বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে প্রশাসনকে জানাতে হবে। কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে সংঘাতে না জড়ান, সে বিষয়েও সতর্ক করা হচ্ছে।

বিশেষ করে আগামী ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা রয়েছে বিএনপির। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে দলটি। 

গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতা এবং শ্রমিক অসন্তোষের মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ অবস্থায় দলীয় নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ-সদস্যদেরও নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সংসদীয় দলের সভায় তিনি অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় থাকার তাগিদ দেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর

img

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১২:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার বিষয়ে গতকাল (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি দেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্প প্রস্তাবে যা আছে-

বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে, তারমধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। 

এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত স্পেস না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই, ধারণক্ষমতার অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ব্যবহৃত হওয়ায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস স্পেসের চাহিদা এবং সচিবালয়ের কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।

জাতীয় এর আরও খবর