img

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ০৫:৪৬, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও বিভিন্ন প্রচারণার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে অনেক লেখাই লেখানো যায়। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা—দুটি ভিন্ন জিনিস। এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না।

হুমায়ুন কবির আরও বলেন, আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে—আমি হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।

শেখ হাসিনাকে আইনের আওতায় আনার প্রক্রিয়া উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।

জাতীয় এর আরও খবর

img

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশিত :  ১২:৫৭, ২৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৩:১৪, ২৫ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে ১০টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প রয়েছে। অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী রয়েছে।

এছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থ মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো- পাবনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।

এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা উন্নয়নে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে সভায় জানানো হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি আসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি) এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প।

অন্য প্রকল্পগুলো হলো ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি,বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন।

জাতীয় এর আরও খবর