img

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৫:২৮, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:১৯, ২২ নভেম্বর ২০২৬

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো– বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।

পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

জাতীয় এর আরও খবর

img

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত :  ০৬:০৩, ২২ নভেম্বর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে দায়িত্ব পালন করছেন দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য। 

আজ রোববার (২২ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দায়িত্ব পালন করছেন।

মোতায়েন করা সদস্যরা জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ ক্ষেত্রে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় এর আরও খবর