img

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আফছার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত :  ১৬:২৪, ২০ নভেম্বর ২০২৬

বাংলাদেশে ইন্তেকাল, লন্ডনে দাফন সম্পন্ন

সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আফছার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত
লন্ডন, ১৯ নভেম্বর ২০২৬: আশির দশকের বিশিষ্ট ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের অন্যতম ট্রাস্টি, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আফছার উদ্দিনের জানাজার নামাজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ জোহর লন্ডনের ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজা শেষে দুপুর ২টা ১৫ মিনিটে তাঁকে গার্ডেন অব পিস কবরস্থানে (Garden of Peace Cemetery, Colchester Road, RM3 0NZ) দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মোহাম্মদ আফছার উদ্দিন দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। গত ১২ অক্টোবর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে গ্রামের বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে ২০ অক্টোবর বিয়ানীবাজার পৌরসভার কসবা পণ্ডিতপাড়াস্থ নিজ বাসভবনে আকস্মিকভাবে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের ইচ্ছা অনুযায়ী, তাঁকে লন্ডনে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর গত ১০ নভেম্বর বাংলাদেশ থেকে তাঁর মরদেহ যুক্তরাজ্যে নিয়ে আসা হয় এবং আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়।

আশির দশকে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে তিনি অত্যন্ত দক্ষতা, সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। রাজপথের সাহসী ও নিবেদিতপ্রাণ এই ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে বিয়ানীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গন এবং যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের তাঁর রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা ধারণের তৌফ দানে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুস শুকুর, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ সেন্টারের সহসভাপতি মামুনুর রশিদ, বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলী আহমেদ বেবুল, যুক্তরাজ্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান সেলিম, আব্দুল হাকিম হাদি, ইকবাল হুসেন, জসিম উদ্দিন, শাহজাহান আহমেদসহ আরও অনেকে।
তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

মহান আল্লাহ মরহুম মোহাম্মদ আফছার উদ্দিনকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন। 

জাতীয় এর আরও খবর

img

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৮:০৯, ২০ নভেম্বর ২০২৬

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলছেন, তাদের প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হ্যান্ডকাফ পরিয়ে কিংবা কঠোর নজরদারির মাধ্যমে দেশে আনা হয়। আজ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তার জায়গা কোথায়, তা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। দেশের আইনের শাসনব্যবস্থা দেখিয়ে দিয়েছে।

হুমায়ুন কবির বলেন, এ দেশের যেসব অপরাধী মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করছিল, তাদের অবশ্যই ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ। তাদের নেত্রী দল ও পরিবার ধ্বংস করেছেন। এখানে যারা আছেন, তাদেরও ধ্বংস করা শুরু করেছেন। 

শুক্রবার ভোরে তার বাসায় আগুন দেওয়া প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আমার বাসার গেটে আগুন দিয়ে দৌড় দিয়েছে। একটা বিড়ালও তো কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের অবস্থা এমন হয়েছে—জয় বাংলা বলেই দৌড়, খোঁজ মেলে না। জয় বাংলা জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিচিত হয়েছে। সন্ত্রাসীদের কীভাবে ডিল করতে হয়, এ দেশের মানুষ জানে, সরকারও জানে।

তিনি আরও বলেন, সরকার সহনশীলতা চর্চা করে, তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসীর স্থান নেই এবং আওয়ামী সন্ত্রাসীদের স্থানও বাংলাদেশে নেই উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের স্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, কোনো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না। এসব কর্মকাণ্ডের কারণে সরকার কোনো চাপে পড়ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, না, কোনো চাপে পড়েনি। সরকার কেন চাপে পড়বে?

তিনি বলেন, জয় বাংলা স্লোগান পালিয়ে যাওয়ার স্লোগান, তারা নিজেরাই আতঙ্কিত, কয় সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। তারা হয় দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, না হয় ধরা খাবে।

জাতীয় এর আরও খবর