img

গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

প্রকাশিত :  ১২:৫৮, ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্পষ্টভাবে জানাচ্ছে যে, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃতপক্ষে, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ এবং খাবার সামগ্রী সরবরাহকারীর মাধ্যমে নগদ অর্থে ক্রয় করা হয়।  বিজিবি কর্তৃক স্থানীয় দোকানদারের নিকট হতে মূল্য পরিশোধের মাধ্যমে পানি ক্রয় করা হয়।  দোকানদার তৎক্ষনাৎ  বিজিবি\'র কাছে ভ্যানযোগে ক্রয়কৃত পানি সরবরাহ  করেন। এটি সম্পূর্ণভাবে বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তির কোনো ধরনের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। অথচ এ সাধারণ ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং বিজিবির নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী। সকল ক্ষেত্রেই দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের রসদ ও প্রয়োজনীয় সামগ্রী বাহিনীর নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে সংগ্রহ করা হয়। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নির্দেশনা কিংবা অনুদানের মাধ্যমে বিজিবির সদস্যদের জন্য এসব সামগ্রী সরবরাহের প্রশ্নই আসে না। বিজিবির নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত পানিকে রাজনৈতিক সহায়তা হিসেবে প্রচার করা সম্পূর্ণ বাস্তবতাবিবর্জিত এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর শামিল।

বর্ডার গার্ড বাংলাদেশ এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও মহলকে প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। কোনো ছবি বা ভিডিওর খণ্ডিত অংশের ওপর ভিত্তি করে মনগড়া তথ্য প্রচার না করে ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। একটি রাষ্ট্রীয় বাহিনীর পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিজিবি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।

জাতীয় এর আরও খবর

img

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৫:০৫, ২০ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির সন্ত্রাসীদের কিভাবে মোবাবেলা করতে হয় তা এদেশের মানুষ ও সরকার জানে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা সহ্য করার চর্চা করি।

কিন্তু আমাদের যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হয়, অবশ্যই নেব। বাংলাদেশে সন্ত্রাসী এবং আওয়ামী সন্ত্রাসীদের কোনো স্থান নেই। সরকার কঠোরভাবেই এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না, কখনো ফিরতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আমার বাসায় আগুন দিয়ে দৌড় মারছে। এমন অবস্থা হয়েছে ‘জয় বাংলা’ আজ জাতীয়ভাবে পরিচিত হয়েছে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে।’

হুমায়ুন কবির বলেন, ‘আমার বাসায় ভোর ৫টায় আগুন দিয়ে দৌড় মারছে।

দেখেন, একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, পরে দৌড় দেয়। এদের এমন অবস্থা হয়েছে, ‘জয় বাংলা’ বলেই দৌড়, আর খোঁজ মিলে না কোনোখানে। 

বাসার সামনে আগুন দেওয়ার ঘটনাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমি ভাগ্যবান, একটু আগুন লাগিয়ে ভাগছে, পালিয়ে গেছে ‘জয় বাংলা’ বলে। কিন্তু আমি কতজন মেহমান পেয়েছি আজকে এসে, আমি ভাগ্যবান। আমি আমার নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে দাওয়াত দেওয়ার সুযোগ পাই না।

আলহামদুলিল্লাহ আজকে সবাই এসেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘দেশ আজ ভালো পথে। জননন্দিত জননেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক, কূটনৈতিক নেতৃত্ব আজ উজ্জ্বল। দেশে এখন বিদেশি বিনিয়োগ আসছে, বাংলাদেশে আজকে একটা শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। এগুলো দেখে একটা ক্ষুদ্র গোষ্ঠীর এখন মাথা ব্যথা, পেটে ব্যথা করে, তারা এসব করার চেষ্টা করে। কিন্তু এগুলো করে তারা বিলীন হয়ে যাবে, হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। এগুলো এখন সহ্য করবে না।’

জাতীয় এর আরও খবর