img

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

প্রকাশিত :  ০৮:৩৬, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:১৭, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তাণ্ডবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকার প্রধানের এই আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়ে আগামীকাল সোমবার তার সঙ্গে বসতে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল।

এই সংলাপের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু হতে যাচ্ছে।  

দপুরে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবেন।

জাতীয় সংসদে সবশেষ অধিবেশনে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।

যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। নাহিদ ইসলাম দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। বার্তায় আরও বলা হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ও দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই প্রাথমিকভাবে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়।

শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। ২৬ নভেম্বর তিনি দেশে ফেরার পর ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক নেতা বলেন, ‘সব দলকে নিয়ে আলোচনায় বসার ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো, একটি অভিন্ন ভিত্তি বা রেফারেন্স পয়েন্ট থাকতে হবে। সেই ভিত্তি হবে জুলাই সনদ ও গণভোট। এ বিষয়ে সবাই ইতিবাচক অবস্থান নিলে অন্য বিষয়গুলোর সমাধান সহজ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বলছে, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করবেন। পরে সর্বদলীয় বৈঠক হতে পারে।

সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে এনসিপির সঙ্গে যোগাযোগ করেছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। এনসিপির নেতারা বলছেন, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া বিএনপি নেতা-কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে, সে সব বিষয় প্রধানমন্ত্রীকে জানাবেন। একই সঙ্গে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ তাদের পাঁচ দফা দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন এনসিপির নেতারা।

জাতীয় এর আরও খবর

img

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত :  ০৯:২১, ২২ নভেম্বর ২০২৬

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগসচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। এতে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণার বরাত দিয়ে আবেদনে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়েও তাদের ব্যবহার বেশি।

গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্পর্কও উঠে এসেছে গবেষণায়।

গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। যেসব শিশু অতিরিক্ত সময় স্ক্রিনের সামনে কাটায়, তাদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

রিট আবেদনে আরও বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় এর আরও খবর