img

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত :  ০৯:২১, ২২ নভেম্বর ২০২৬

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী, টেলিযোগাযোগসচিব, নারী ও শিশুবিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ নীতিমালা প্রণয়ন এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন তিনি।

রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর বলেন, বাংলাদেশে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই। ফলে শিশুরা অবাধে এসব মাধ্যম ব্যবহার করছে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে। অনেক শিশুর মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে। এতে তাদের স্বাভাবিক মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) পরিচালিত একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। ওই গবেষণার বরাত দিয়ে আবেদনে বলা হয়, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়সীমার চেয়েও তাদের ব্যবহার বেশি।

গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যার সম্পর্কও উঠে এসেছে গবেষণায়।

গবেষণার তথ্য অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। প্রায় ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও তুলনামূলক কম। তারা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।

এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। যেসব শিশু অতিরিক্ত সময় স্ক্রিনের সামনে কাটায়, তাদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।

রিট আবেদনে আরও বলা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং সামগ্রিক মানসিক সুস্থতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

জাতীয় এর আরও খবর

img

ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা

প্রকাশিত :  ০৯:২৬, ২২ নভেম্বর ২০২৬

ব্যাংক পরিচালকদের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছরে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সদস্যদের অংশগ্রহণে সীমা নির্ধারণ, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং মন্ত্রী-এমপিসহ সরকারি দায়িত্বে থাকা রাজনীতিবিদদের ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারিশের ভিত্তিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী খসড়া তৈরি করেছে। খসড়াটি অর্থমন্ত্রীর অনুমোদনের পর চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানোর কথা রয়েছে।

ব্যাংক খাতে ব্যাপক অনিয়ম এবং কয়েকটি ব্যাংকের আর্থিক অবস্থার অবনতির প্রেক্ষাপটে এসব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে দেশি ও বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার রাখার সুযোগ দেওয়ার বিষয়টিও রয়েছে।

খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি টানা ছয় বছরের বেশি একটি ব্যাংকের পরিচালক থাকতে পারবেন না। ছয় বছর দায়িত্ব পালনের পর পুনরায় পরিচালক হতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে তিন বছর বিরতিতে থাকতে হবে। বর্তমানে একজন পরিচালকের দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর।

পরিচালকদের মেয়াদ নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আইন পরিবর্তন হয়েছে। ২০১৮ সালের সংশোধনীর আগে পরিচালকদের টানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ছিল ছয় বছর। ওই বছর তা বাড়িয়ে নয় বছর করা হয়। ২০২৩ সালে আরেক দফা সংশোধন করে মেয়াদ ১২ বছর করা হয়েছিল।

ব্যাংকের মালিকানায় পারিবারিক প্রভাব কমাতেও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। একই পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনের পরিবর্তে দুজনে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণাধীন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কোম্পানির মনোনীত পরিচালকের সংখ্যাও সর্বোচ্চ দুজন থেকে কমিয়ে একজন করার প্রস্তাব করা হয়েছে।

পরিচালনা পর্ষদের সর্বোচ্চ সদস্যসংখ্যা ২০ জনই থাকছে। তবে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ২০ সদস্যের পর্ষদে অন্তত চারজন স্বতন্ত্র পরিচালক রাখতে হবে, যা বর্তমানে তিনজন। আর ২০ জনের কম সদস্যের পর্ষদে স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম সংখ্যা দুজন থেকে বাড়িয়ে তিনজন করার কথা বলা হয়েছে।

স্বতন্ত্র পরিচালকের যোগ্যতার সংজ্ঞাও কঠোর করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, নিয়োগের আগের অন্তত তিন বছর সংশ্লিষ্ট ব্যক্তি ব্যাংক বা ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ স্বার্থে জড়িত থাকতে পারবেন না। একই সঙ্গে বর্তমান বা ভবিষ্যতে এমন কোনো স্বার্থসংশ্লিষ্টতা থাকা যাবে না।

ব্যাংক পরিচালনায় রাজনৈতিক প্রভাব কমাতে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগের অযোগ্য ঘোষণার কথা বলা হয়েছে।

এ ছাড়া প্রস্তাবিত ১৭ক ধারায় বলা হয়েছে, কোনো পরিচালককে টানা তিন মাসের বেশি সময় পর্ষদ সভায় অনুপস্থিত থাকার ছুটি দেওয়া যাবে না। এ ধরনের ছুটি বছরে একবারের বেশি নেওয়ার সুযোগও থাকবে না।

ব্যাংকের শেয়ার ধারণের সীমা নিয়েও পরিবর্তন আসছে। বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কোম্পানি বা একই পরিবারের সদস্যদের একক কিংবা যৌথভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার অধিগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংকিং খাতের স্বার্থে কৌশলগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বিনিয়োগকারীদের যোগ্যতা, উপযুক্ততা ও প্রয়োজনীয় শর্ত নির্ধারণ করতে পারবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক সংশোধনী খসড়ার সঙ্গে বর্তমান প্রস্তাবের বেশ কিছু পার্থক্য রয়েছে। আগের খসড়ায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যসংখ্যা সর্বোচ্চ ১৫ জনে সীমিত রাখা এবং মোট পরিচালকের অর্ধেককে স্বতন্ত্র পরিচালক করার প্রস্তাব ছিল।

সূত্র: দ্যা ডেইলি স্টার 

জাতীয় এর আরও খবর