img

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জন আটক

প্রকাশিত :  ১১:০৫, ২২ নভেম্বর ২০২৬

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জন আটক

রবিবার, ২২ নভেম্বর ২০২৬: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শতাধিক আইইডি (Improvised Explosive Device) বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় একনলা বন্দুক ও ২৫৪ রাউন্ড গুলিসহ টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মোঃ হোসেনের ছেলে মোঃ ইব্রাহিম (১৮)-কে আটক করেছে। এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ইজিবাইক ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল (২১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফের বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহন করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শগ্রামসহ টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন ২টি ইজিবাইককে থামার সংকেত দিলে চালকেরা জানান, ইজিবাইকে বহনকৃত মালামালগুলোর মালিক সামন থাকা মোটরসাইকেলের আরোহীরা। পরবর্তীতে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তারা মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা ফায়ার করে। একপর্যায়ে মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেলটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরবর্তীতে আটক করা ২টি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ১ সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাই বাক্স, ৩ কেজি পেরেক ও ২৪টি স্কচটেপ উদ্ধার করা হয়। 

আটককৃত ব্যক্তিদের জব্দকৃত আইইডি, অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জামাদি এবং সংশ্লিষ্ট যানবাহনগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, “দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত ও পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।”

জাতীয় এর আরও খবর

img

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি

প্রকাশিত :  ১৩:১৫, ২২ নভেম্বর ২০২৬

কেবল আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এর মাধ্যমে জনগণ বুঝতে পারবে, সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও ইতিবাচক বার্তা যাবে।

তিনি বলেন, জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে সরকার যেসব অঙ্গীকার ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু পদক্ষেপের মাধ্যমে ঐক্য প্রক্রিয়া শুরু করতে হবে, যাতে সবাই আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে এখন সংকটকাল চলছে। সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। প্রধানমন্ত্রী কী চান এবং কীভাবে দেশকে এগিয়ে নিতে ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা তারা শুনতে চান।

এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার ত্বরান্বিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ হলেই জাতীয় ঐক্য সম্ভব।

জাতীয় এর আরও খবর