ইসহাকসহ ৩ হাজার নেতাকর্মী এনসিপিতে যোগ দিচ্ছেন আজ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে ধারাবাহিকভাবে পরিচিত রাজনৈতিক নেতাদের যোগদান অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন মুখ যুক্ত হয়ে দলটির পরিধি বাড়ছে।
জাতীয় নির্বাচনের আগে কিছু নেতা দল ছেড়ে গেলেও নির্বাচন পরবর্তী সময়ে আবারও নতুন সদস্যদের আগমন বেড়েছে। আজ বিকাল ৩টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে দলটির সবচেয়ে বড় যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।
অনুষ্ঠানে সাবেক যুবদল নেতা মোহাম্মদ ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি যোগদান করছেন। ইসহাক সরকার প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগদান করবেন-এমনটা জানিয়েছেন এনসিপির শীর্ষ এক নেতা। ইতঃপূর্বে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, দলের অঙ্গসংগঠনের শতাধিক নেতা দলটিতে যোগদান করেছেন। জেলা-উপজেলা পর্যায়ে যোগদান কার্যক্রম চালু রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির শীর্ষ এক নেতা জানান, সাবেক যুবদল নেতা ইসহাক সরকারসহ যোগদান করবেন-এমন নেতাকর্মীদের পরামর্শেই যোগদান অনুষ্ঠানের জন্য বড় স্থান নির্ধারণ করা হয়েছে। ইসহাক সরকারের নেতৃত্বে প্রায় ৩ হাজার নেতাকর্মী যোগদান করবে। একসময় যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং পরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, তিনিই এখন এনসিপিতে যোগ দিচ্ছেন। ১৯৯৬ সাল থেকে আন্দোলন-সংগ্রামে থাকা এই নেতাকে ৪ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি বহিষ্কার করে। সর্বশেষ নির্বাচনে স্বতন্ত্র প্রতীক ‘ফুটবল’ নিয়ে লড়ে তিনি তৃতীয় স্থানে ছিলেন।
এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত মুখ-নেতা এনসিপিতে যোগদান করছেন। ইসহাক সরকারের আলোচনা হয়েছে এবং যোগদান চূড়ান্ত পর্যায়ে। দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতির পদে তাকে বিবেচনা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এনসিপির অপর এক শীর্ষ নেতা জানান, বিএনপিসহ অনেক রাজনৈতিক দলের নেতারা এনসিপিতে পর্যায়ক্রমে যোগদান করবেন। যারা ইতঃপূর্বে দল থেকে নানানভাবে অবহেলা এবং বহিষ্কৃত হয়েছেন, ওইসব দক্ষ নেতা এনসিপির পতাকাতলে আসছেন।
এদিকে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নরসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আবুল কাশেম ফজলুল হক ‘শেরেবাংলা’র নাতনি ফেরসামিন হক ইকবালও দলটিতে যোগদান করছেন। তার যোগদানের মধ্য দিয়ে উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে এনসিপির একটি ঐতিহাসিক সংযোগ স্থাপিত হবে।
শুক্রবারের যোগদান অনুষ্ঠানে ডিজিটাল ভয়েস হিসাবে পরিচিত নূরুজ্জামান কাফিও যোগদান করছেন বলে নিশ্চিত করেছে এনসিপি। ২০০১ সালে পটুয়াখালীর কুয়াকাটা উপজেলায় জন্ম নেওয়া নুরুজ্জামান কাফি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাফি ভাই’ নামে পরিচিত।
এনসিপির যোগদান অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মহিউদ্দিন রনিও। অ্যাক্টিভিজম থেকে সাংগঠনিক রাজনীতির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনি আগেও রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন করে ব্যাপক পরিচিতি পান।
শুক্রবার সন্ধ্যায় মহিউদ্দিন রনি বলেন, ‘এনসিপিকে ভালোবাসি। এনসিপিতে যোগদান-ইনশাআল্লাহ, দেখা যাক। রাত ১২টা পর্যন্ত ভাবছি। ভালোই হবে।’ এদিকে ১৯ এপ্রিল রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৭ নেতাকর্মী একযোগে দলে যোগ দেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করেন, কারও অতীত পরিচয় নয়, বর্তমান আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তিই যোগদানের মানদণ্ড।



















