শ্রীমঙ্গলে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার: সিসিটিভির সূত্র ধরে ৭.৪০ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার
সংগ্রাম দত্ত: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আন্তঃজেলা চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের চুরি হওয়া বিভিন্ন মেশিনের লোহার মোল্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নে অবস্থিত গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানায় গত ২৪ এপ্রিল ভোর রাতে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা কারখানার ভেতর থেকে মূল্যবান লোহার মোল্ড নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই অভিযোগ পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্তে মাঠে নামে।
তদন্তের ধারাবাহিকতায় ২৬ এপ্রিল রাতে সাব-ইন্সপেক্টর হারুর অর রশিদের নেতৃত্বে একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দক্ষিণ উত্তরসুর এলাকা থেকে আন্তঃজেলা চোর চক্রের সদস্য নিতাই মালাকার (২৮) এবং শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা মো. মিলন শেখ (৩৮)কে গ্রেফতার করা হয়, যিনি বর্তমানে একই এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশের দাবি, গ্রেফতারকৃতদের হেফাজত থেকেই চুরি হওয়া মেশিনের মোল্ডগুলো উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



















