img

শ্রীমঙ্গলে বিদ্যুৎ বিভ্রাটে নিরাপত্তা শঙ্কা: রাতে সংঘবদ্ধ চক্রের সক্রিয়তায় উদ্বেগ, টহল জোরদারের দাবি

প্রকাশিত :  ০৮:২৬, ২৭ এপ্রিল ২০২৬

শ্রীমঙ্গলে বিদ্যুৎ বিভ্রাটে নিরাপত্তা শঙ্কা: রাতে সংঘবদ্ধ চক্রের সক্রিয়তায় উদ্বেগ, টহল জোরদারের দাবি

সংগ্রাম দত্ত: পর্যটন নগরী ও চায়ের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে সাম্প্রতিক সময়ে রাতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট ও ঝড়-বৃষ্টির সময় সুযোগ কাজে লাগিয়ে সংঘবদ্ধ একটি চক্র চুরি-ডাকাতির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জাতীয় দৈনিক কাল বেলা-র শ্রীমঙ্গল প্রতিনিধি এস.কে. দাশ সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ২৭ এপ্রিল ২০২৬ দেওয়া এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গতকাল রাত আনুমানিক ৩টার দিকে কলেজ রোডের উদয়ন উচ্চ বিদ্যালয়ের পাশের এলাকায় সিএনজি রেখে মুখে গামছা বাঁধা ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি তার বাসায় প্রবেশের চেষ্টা করে। পাশের বাসা থেকে বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যায়।

এর আগে রাত ১২টা ৫২ মিনিটের দিকে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় চারদিকে অন্ধকার নেমে আসে বলে উল্লেখ করেন তিনি। এমন পরিস্থিতিতে অপরাধীরা সক্রিয় হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাও প্রকাশ করা হয় পোস্টে।

এস.কে. দাশ সুমন তার পোস্টে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে রাতের টহল কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান, বিশেষ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় নিরাপত্তা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ ঘটনায় তার পোস্টে অসংখ্য মন্তব্যকারীও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে দ্রুত এ ধরনের অপরাধচক্র এবং তাদের পেছনের সম্ভাব্য মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, পর্যটননির্ভর এই জনপদে রাতের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাট বা প্রাকৃতিক দুর্যোগের সময় পুলিশের সক্রিয় টহল ব্যবস্থা আরও দৃশ্যমান হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলে তারা মনে করছেন।


সিলেটের খবর এর আরও খবর

img

বেড়াতে গিয়ে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের তরুণ নিহত, স্ত্রী আহত

প্রকাশিত :  ০৯:৫০, ২৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:৫৬, ২৭ এপ্রিল ২০২৬

মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্ত্রী। মুজাহিদ মিল্লাদ (২২) ও নাফিসা তাবাসসুম আবিদা (২০) নামে এ দম্পতির বাড়ি হবিগঞ্জে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে ‘এমইএক্স’ মহাসড়ক ধরে কুয়ালালামপুর আসার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা জামজুরি মোহাম্মদ ঈসার বরাতে ‘দ্য স্টার অনলাইন’ লিখেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ৩১ বছর বয়সী এক সেনা সদস্য গাড়ি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা গাড়িকে সামনে থেকে ধাক্কা দেন।

ট্রাফিক পুলিশ বলছে, অপর গাড়িতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) থেকে আসছিলেন। এদের মধ্যে মুজাহিদ মিল্লাদ ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন তার স্ত্রী ও গাড়ির চালক। তাদের কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনায় সেনা সদস্য ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হয়েছেন।

ওই সেনা ‘মাত্রাতিরিক্তি মদ্যপান’ করেছিলেন জানিয়ে পুলিশ বলছে, সড়ক পরিবহন আইনে মামলা করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


সিলেটের খবর এর আরও খবর