img

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

প্রকাশিত :  ১৩:৩০, ১০ মে ২০২৬

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কয়েকশ বিক্ষোভকারী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের রাজপথে নেমেছেন । 

আজ শনিবার (৯ মে) দিবাগত রাতভর চলা এই বিক্ষোভে জনতা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও তার আগেই ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার বিষয়টি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

বিক্ষোভ চলাকালীন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপকালে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে একটি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার জনগণকে প্রতিনিয়ত মিথ্যা এবং বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। 

আলকান আরও উল্লেখ করেন, বহিরাগত শত্রু  ইরানের চেয়েও তিনি ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজনকে দেশের জন্য বড় বিপদ হিসেবে দেখছেন। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীগুলোর সামরিক সেবা দিতে অস্বীকৃতি জানানোর কঠোর সমালোচনা করেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা সরকারের কঠোর সমালোচনা করে বিভিন্ন বিতর্কিত প্ল্যাকার্ড বহন করছেন। অনেক প্ল্যাকার্ডে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’-এর মতো স্লোগান দেখা যায়। 

এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’-র সঙ্গে কুখ্যাত কলম্বিয়ান ড্রাগ লর্ড পাবলো এসকোবারের নাম জুড়ে দিয়ে তাকে ‘বিবি এসকোবার’ বলে ব্যঙ্গাত্মক সম্বোধন করতে দেখা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানের সঙ্গে চলমান বহুমুখী সংঘাত এবং দেশের ভেতরে বাধ্যতামূলক সামরিক সার্ভিস নিয়ে ক্রমবর্ধমান বৈষম্য নেতানিয়াহু প্রশাসনকে এক কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। 

একদিকে আন্তর্জাতিক চাপ এবং অন্যদিকে নিজ দেশের জনগণের এই ধারাবাহিক অসন্তোষ আসন্ন নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন জোটের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই।

img

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১৩:৫৮, ১১ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২৭, ১১ মে ২০২৬

বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

তিনি আরো জানান, উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেসব অধিবেশনে "গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যন্স, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা করা হবে।

কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই ইউজিসি কর্মকর্তা।

জাতীয় এর আরও খবর