img

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশু মৃত্যু

প্রকাশিত :  ০৬:৩৩, ২৭ মে ২০২৬

মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজে ৬ শিশু মৃত্যু

রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

আজ বুধবার সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম যুগান্তরকে জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ক্রাইমসিনসহ তদন্ত দল রয়েছে। শিশুগুলো কিভাবে মারা গেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির লিকেজ বা অন্য কোনো ত্রুটির কারণে সাফোকেশন অন্য কোনোভাবে শিশুগুলো মারা যেতে পারে।

প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

জাতীয় এর আরও খবর

img

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৫:৫৮, ২৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:৪৬, ২৭ মে ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

বুধবার (২৭ মে) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমা, তাকওয়ার শিক্ষা ও আত্মশুদ্ধির অনন্য আহ্বান নিয়ে প্রতি বছরের মতো এবারও মুসলিম বিশ্বের দ্বারে এসেছে পবিত্র ঈদুল আজহা।

তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দল-মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সকল মানুষের প্রতি রইলো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

তিনি বলেন, কুরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কুরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে, এটিই হোক পবিত্র কুরবানির অন্যতম শিক্ষা।

প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের আল্লাহ এ বছর কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন, যাদের পশু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কুরবানির অন্যতম শিক্ষা।

তারেক রহমান বলেন, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কুরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কুরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।

তিনি বলেন, পবিত্র ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করছি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, আবারো আপনাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।

জাতীয় এর আরও খবর