img

হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :  ০৭:৫৮, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:০১, ০৮ জুন ২০২৬

 হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

হামের টিকাদান কার্যক্রমে ব্যর্থতা এবং শিশু মৃত্যুর অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, হামের টিকা সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে, গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সেখানে সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছিল ইউনিসেফ এবং এ বিষয়ে ৫টি চিঠিও দেওয়া হয়েছিল। তবে, টিকা ক্রয়ে অর্থ নয়; বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই সংকট তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬২০ জনে।

জাতীয় এর আরও খবর

img

মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত :  ১৯:৩৪, ০৮ জুন ২০২৬

রাজধানীর এলাকার আনারকলি মার্কেটের সামনের একটি গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

আজ সোমবার (৮ জুন) রাত আনুমানিক রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. মোবারক হোসেন আকাশ জানান, রাত ৮টার দিকে রমনা মৌচাক আনারকলি মার্কেটের সামনে রমনা থানার যুবদলের লুৎফুরের নেতৃত্বে অজ্ঞাত ১০–১২ জন ব্যক্তি তাকে বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকার ৫১২ নম্বর বাসার মৃত ইউসুফ তালুকদারের সন্তান। তিনি পেশায় ইট-বালু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার বলেন, সালিশকে কেন্দ্র করে বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

জানা গেছে, বিল্লাল হোসেন তালুকদার রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহণের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের একটি মামলায় তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


জাতীয় এর আরও খবর