img

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

প্রকাশিত :  ১৫:৩১, ০৯ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে প্রাণঘাতী সহিংসতা, জনদুর্ভোগ ও তীব্র শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সর্বসাধারণের জন্য খেলা প্রদর্শন, আতশবাজি ফোটানো এবং লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। রিটে রাত ১১টার পর অবৈধ উচ্চ শব্দ নিয়ন্ত্রণ এবং আতশবাজির ব্যবহার সম্পূর্ণ বন্ধে জরুরি নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে।

রিটকারী আইনজীবী জানান, গণমাধ্যমের খবর অনুযায়ী এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফুটিয়ে ও লাউড স্পিকার বাজিয়ে উদযাপন করার কারণে শিশু, বৃদ্ধ ও অসুস্থসহ সাধারণ মানুষের ঘুমে চরম ব্যাঘাত ঘটছে। জনদুর্ভোগের এই বিষয়টি আমলে নিয়ে এবং ‘বিশ্বকাপ উন্মাদনায় প্রাণ গেছে ১০ জনের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনসহ অন্যান্য তথ্য যুক্ত করে এই রিট করা হয়েছে।

প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ঘিরে জনপ্রিয় দলগুলোর সমর্থকদের মধ্যকার বিরোধ মাঝেমধ্যে প্রাণঘাতী সংঘাতে রূপ নিচ্ছে। এ পর্যন্ত অন্তত ১১ জন মারা গেছেন, যার মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন। সর্বশেষ মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার ধনপুর এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের হামলায় মো. শরিফুল ইসলাম নামে এক ব্রাজিল সমর্থক নিহত হন।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেখানেই বড় পর্দায় খেলা দেখানো হবে, সেখানেই ডিবি পুলিশ বিশেষ নজরদারি রাখবে। 

ক্রীড়া উন্মাদনা ও সংঘাতের বিষয়ে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক বলেন, খেলা বিনোদনের অংশ এবং এতে জয়-পরাজয় থাকবে– এটি মেনে নেওয়ার মানসিকতায় আমাদের ঘাটতি রয়েছে। 

তবে এটি শুধু ক্রীড়াক্ষেত্রে নয়, জাতিগতভাবেই আমরা রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কোনো ক্ষেত্রেই জয়-পরাজয় স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। এই মনস্তাত্ত্বিক সংকটের কারণেই এমন অনাকাঙ্ক্ষিত সহিংসতা ঘটছে।


জাতীয় এর আরও খবর

img

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত :  ১৯:২৩, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৭, ০৯ জুলাই ২০২৬

যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।  এ কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

এতে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অপর দুজন হলেন- সদস্য অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়।

এতে আরও বলা হয়েছে, ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময়ে সচল থাকায় এ লিংকসমূহ থেকে সাধারণ ব্যবহারকারীরা ফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।


জাতীয় এর আরও খবর