img

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত :  ১৫:৫০, ০৯ জুলাই ২০২৬

শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই। সেইসঙ্গে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তা প্রাসঙ্গিক নয় বলেও মনে করছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফেরার কথা বলছেন এবং সময়ের উল্লেখ করেছেন। তাহলে তাকে ফেরাতে বাধা কোথায়- জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, বাংলাদেশের আদালত একজনকে সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আসামি যিনি বাংলাদেশে অনেক অন্যায়, অত্যাচার ও কুকর্ম করে বিদেশে পালিয়ে আছেন। শেখ হাসিনা কী বলছে না বলছে সেটা প্রাসঙ্গিক না, একেবারেই প্রাসঙ্গিক না।

তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারতের সরকারের সঙ্গে, যেটা অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছে, সেই কূটনৈতিক চ্যানেল চলমান আছে। আমরা সঠিক চ্যানেলে চেষ্টা করছি। বন্দি বিনিময় চুক্তির আওতায় আসামিকে যখন ফেরত আনা হয় বা যে প্রটোকল বা নর্মস (মানদন্ড) আছে, সেটা অনুযায়ী ওনাকে এখানে এনে বিচার করা হবে এবং সেটাই তো বাংলাদেশের জনগণ চায়।

শামা ওবায়েদ বলেন, এখানে যে অন্যায়গুলো হয়েছে, যে দুর্নীতি, খুন, গুম হয়েছে সেগুলোর একটি সুষ্ঠু ও স্বচ্ছ বিচার বাংলাদেশের মাটিতে হবে। আমাদের যে প্রক্রিয়া সেটা ভারতের সরকারের সঙ্গে চলমান আছে। এখন যিনি আসামি তার বক্তব্য প্রাসঙ্গিক না। তাকে ফেরানোর প্রক্রিয়া চলমান আছে। প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেটা চলমান আছে। কূটনীতির কোনো ঘাটতি নেই। এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আছে; তারা এটা নিয়ে কাজ করছে।

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সহযোগিতা না আইনি জটিলতা আছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রীর জবাব, আইনি জটিলতা আছে কি নাই সেটা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুঁটিয়ে দেখবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যে প্রক্রিয়া চালানো দরকার, সেটা আমরা চালাচ্ছি। সেটাতে কোনো ঘাটতি আমি দেখছি না।

জাতীয় এর আরও খবর

img

সাব-রেজিস্ট্রি অফিসের প্রতি জনগণের আস্থা ফেরাতে চান আইনমন্ত্রী

প্রকাশিত :  ১২:৪২, ১৪ নভেম্বর ২০২৬

নিবন্ধন অধিপ্তরের অধীন সাব-রেজিস্ট্রি অফিসগুলোকে দেশের অন্যতম আস্থাশীল ও বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করতে চায় সরকার। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, পেশাগত দায়িত্বশীলতা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জাতীয় বাজেটে নিবন্ধন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটিকে দেশের দ্বিতীয় বৃহত্তম একক রাজস্ব খাত হিসেবে বিবেচনা করা হয়। অথচ অবদানের তুলনায় অধিদফতরটি দীর্ঘদিন অবহেলিত। এ অবস্থার পরিবর্তন প্রয়োজন। অধিদপ্তরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার পক্ষ থেকে কোনো সীমাবদ্ধতা থাকবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

নিবন্ধন অধিদপ্তর নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, কোনো কোনো সাব-রেজিস্ট্রি অফিসে সেবা নিতে গিয়ে মানুষ হয়রানির শিকার হন। এ ধরনের ঘটনা পুরো অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে কিংবা অযোগ্যতা ও দুর্নীতির কারণে মানুষ ভোগান্তিতে পড়লে এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।

দুর্নীতি ও জনহয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, নিবন্ধন অধিদপ্তরকে জনবান্ধব ও হয়রানিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি প্রণোদনার ব্যবস্থাও করা হবে। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে জনহয়রানির অভিযোগ বা তথ্য পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

এ সময় স্বচ্ছতা নিশ্চিতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে বলে তিনি জানান, যা বিভাগের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হবেবলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি পদ ব্যবহার করে নিজ এলাকায় রাজনৈতিক দলের কর্মকাণ্ড পরিচালনা বা চাঁদাবাজিতে যুক্ত হলে সরকার তা কোনোভাবেই মেনে নেবে না।

এছাড়া নিবন্ধন অধিদপ্তরের কোনো আইন বা বিধি সংশোধনের প্রয়োজন হলে মহাপরিদর্শকের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পরামর্শ দেন মন্ত্রী। প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে জনকল্যাণমূলক মনে হলে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে এবং অধিদপ্তরের উন্নয়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একসঙ্গে কাজ করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর