গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে প্রকাশ্যের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা অপু খান বদই (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
গত মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টা ৩০ মিনিটের দিকে পৌর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অপু খান বদই টিকরবাড়ী এলাকার মৃত পাখি খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি অপু খান বদই। সম্প্রতি পৌর শহরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।



















