img

জগন্নাথপুরে সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা মামলায় কারাগারে দুই ভাই

প্রকাশিত :  ১৫:৪০, ০৯ জুলাই ২০২৬

 জগন্নাথপুরে সাড়ে ৩ কোটি টাকা প্রতারণা মামলায় কারাগারে দুই ভাই

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বহুল আলোচিত সাড়ে ৩ কোটি টাকা প্রতারণার মামলায় আদালত দুই ভাই ইয়াকুব ও ইসমাইলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) অভিযুক্তরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে বুধবার সিআইডি আদালতে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করে।

কারাগারে পাঠানো ইয়াকুব ও ইসমাইল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গোয়ালগাও গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। মামলাটি পর্যালোচনা করে সুনামগঞ্জের দায়রা জজ আদালত তদন্তে গুরুত্বপূর্ণ ত্রুটি চিহ্নিত করেছেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার অন্যতম আসামি হাফিজ কামরুল ইসলাম ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রতারণার অর্থের বিষয়ে ইয়াকুব ও ইসমাইলের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছিলেন। অভিযোগ থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা তাদের চার্জশিটে আসামি হিসেবে অন্তর্ভুক্ত না করায় আদালত বিষয়টিকে তদন্তের বড় ঘাটতি হিসেবে গণ্য করেছেন।

প্রতারণার দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার পাশাপাশি ১০৯ ধারা যুক্ত করার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা আমলে নেননি। আত্মসাৎ করা সাড়ে ৩ কোটি টাকার কোনো অংশ উদ্ধার করা হয়নি। এছাড়া প্রতারণার টাকায় কেনা জমির দলিল আলামত হিসেবে জব্দ না করাকেও তদন্তের ব্যর্থতা হিসেবে দেখা হয়েছে।

মামলার বাদী মাওলানা ইমরান আহমদের অভিযোগ, অলৌকিকভাবে বিপুল অর্থ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। শুরুতে পিবিআই তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলেও বাদী তাতে নারাজি আবেদন করেন। পরবর্তীতে সেই আবেদন খারিজ হলে তিনি সুনামগঞ্জের দায়রা জজ আদালতে ফৌজদারি রিভিশন মামলা দায়ের করেন (মামলা নং-৮৮/২০২০)।

এই রিভিশন মামলার রায়ে ২০২১ সালের ২৫ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার নিম্ন আদালতের পূর্বের আদেশ বাতিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডির কাছে ন্যস্ত করার নির্দেশ দিয়েছিলেন। ন্যায়বিচারের স্বার্থে আদালত মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন।

সিলেটের খবর এর আরও খবর

img

নবীগঞ্জে বাসের টিকিট কিনতে এসে লাশ হয়ে ফিরলেন হাফেজ আবু হানিফ

প্রকাশিত :  ১৫:৪২, ০৯ জুলাই ২০২৬

হবিগঞ্জ জলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আবু হানিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হানিফ উপজেলার ৪ নং দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর (জামারগাঁও) গ্রামের খালিক মিয়ার ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু হানিফের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, আবু হানিফ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকিট কিনতে আউশকান্দিতে এসেছিলেন। কিন্তু টিকিট কেনার আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের খবর এর আরও খবর