img

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

প্রকাশিত :  ০৪:৪০, ২৩ জুলাই ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় দেশের চার অঞ্চলে ‘অতি ভারী’ বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে চার বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে

পারে।

এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহত

প্রকাশিত :  ০৬:০৬, ২২ নভেম্বর ২০২৬

ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন।

নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও দুটি শিশু রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার তেজস্বিনী গৌতমের নেতৃত্বে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় একটি বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি। তিনি এ ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে রাজেশ জোশি বলেন, আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক এর আরও খবর