img

পরকীয়ার জেরে চাকরি হারানোর শঙ্কায় ৩৮ কোটি টাকা বেতনের সিইও

প্রকাশিত :  ০৬:৩৩, ১২ নভেম্বর ২০২৬

পরকীয়ার জেরে চাকরি হারানোর শঙ্কায় ৩৮ কোটি টাকা বেতনের সিইও

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ ওঠার পর এ নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে বুধবার বৈঠকে বসেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

জেনসেন হুয়াংয়ের বার্ষিক বেতন ৩৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫৮ কোটি টাকা। সে হিসাবে তার মাসিক বেতন প্রায় ৩৮ কোটি টাকা। এত বিপুল বেতনের এই শীর্ষ নির্বাহীর ভবিষ্যৎ এখন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের দুটি অভিযোগ সামনে আসার পর তার নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তবে এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে হুয়াংয়ের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস এবং জ্যেষ্ঠ প্রকৌশলী ইয়ান বাক। দুজনই এক দশকের বেশি সময় ধরে এনভিডিয়ায় কাজ করছেন।

কোলেট ক্রেস ২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেন। এর আগে তিনি মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। অন্যদিকে, ২০০৪ সালে এনভিডিয়ায় যোগ দেওয়া ইয়ান বাক প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সিইউডিএ সফটওয়্যার প্ল্যাটফর্মের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে দীর্ঘমেয়াদি নেতৃত্বের ক্ষেত্রে ইয়ান বাকের নামও বিবেচনায় রয়েছে।

এদিকে নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। চলতি সপ্তাহে এনভিডিয়ার শেয়ারের বাজারমূল্য থেকে প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে গেছে। ফলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে প্রতিষ্ঠানটি।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভূগর্ভে সামরিক শক্তি বাড়াচ্ছে তেহরান, আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

প্রকাশিত :  ০৬:২৫, ১২ নভেম্বর ২০২৬

হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমাদ ওয়াহিদি।

তিনি বলেছেন, সব ধরনের বাধা উপেক্ষা করে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

ইরানের মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন আইআরজিসি প্রধান। দেশটির বার্তা সংস্থা তাসনিম এ খবর প্রকাশ করেছে।

বার্তায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত হাসান তেহরানি মুকাদ্দামের অবদানের কথা স্মরণ করেন ওয়াহিদি।

আইআরজিসির মহাকাশ ও বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আজও সেই একই চেতনা নিয়ে আপনারা পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে দেশের শক্তি গড়ে তুলছেন।’

তিনি আরও বলেন, ‘শত্রুদের বুঝতে হবে, শহীদ তেহরানি মুকাদ্দামের দেখানো পথ হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যাবে না। রক্ত ও বিশ্বাসের শক্তিতে এ পথচলা অব্যাহত থাকবে।’

বার্তায় আইআরজিসির সাবেক মহাকাশ ও বিমান বাহিনীর দুই কমান্ডার আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরির অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওয়াহিদি।

একই সঙ্গে বাহিনীর সদস্যদের ইরানের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির ক্ষেপণাস্ত্র ও সামরিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও চাপ অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর