পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করেন : জেলেনস্কি
আরব আমিরাতের আবুধাবিতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু হয়েছে। গত ফেব্রুয়ারির পর এটিই তিন দেশের মধ্যে প্রথম বৈঠক।
এমন প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ‘ভিন্ন বাস্তবতায়’ বাস করেন এবং মার্কিন পক্ষ ইউক্রেনের প্রকৃত যুদ্ধক্ষেত্রের মূল্যায়নকে সমর্থন করেছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আবুধাবির আলোচনায় রাশিয়া দাবি করেছে যে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের অর্ধেক অংশ দখল করে নিয়েছে। এই দাবির সমালোচনা করে জেলেনস্কি লেখেন, ‘এটাই মূল সমস্যা। পুতিন এক ভিন্ন বাস্তবতায় বাস করেন।
আমিও চাইলে এমন কাল্পনিক ছবি আঁকতে পারি যে আমি পুরো রাশিয়া দখল করে ফেলেছি, কিন্তু তা তো সত্য নয়। সবচেয়ে ভালো বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে বাস্তবে কী ঘটছে সে ব্যাপারে মার্কিনরা ইউক্রেনের মূল্যায়নকেই সমর্থন করেছে।’
কোপেনহেগেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আবুধাবি আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গিতে যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তাতে তিনি বেশ সন্তুষ্ট। মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের শান্তি আলোচনার পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘আমি এই পরিবর্তন দেখতে পাচ্ছি এবং যা শুনছি তাতে খুব খুশি।
এখন দেখা যাক সামনে কী ঘটে।’
আলোচনার প্রথম দিনটিকে গঠনমূলক হিসেবে অভিহিত করে জেলেনস্কি আরো জানান, আবুধাবির আলোচ্যসূচিতে পুরো ইউরোপের জন্য একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও এই ধারণার কথা উত্থাপন করেছিলেন। তবে এ বিষয়ে সতর্কতা প্রকাশ করে জেলেনস্কি বলেন, রাশিয়া আসলে ঠিক কী চায় তা শতভাগ স্পষ্ট নয়। আমেরিকানদের সঙ্গে রাশিয়ানদের ঠিক কী নথি নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো কেউ দেখেনি।
উল্লেখ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। তারা কিয়েভ ও মস্কোর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছেন।



















