img

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

প্রকাশিত :  ০৬:১৮, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:২৩, ২৩ জুলাই ২০২৬

জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশন জানিয়েছে, দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হবে।

প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে মোজাফফর হোসেনকে আদালতে হাজির করার নির্দেশ দেন।

প্রসিকিউশন জানায়, মোজাফফরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় তাকে বৃহস্পতিবার হাজির করার জন্য নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোসহ জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন।

এর আগে, গত ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। 

উল্লেখ্য, দীর্ঘ ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মোজাফফরকে গ্রেপ্তার করে। বিষয়টি প্রকাশ্যে আসে পরদিন বৃহস্পতিবার। ওইদিন সন্ধ্যায় তাকে সেনা হেফাজতে দেওয়া হয়।

এদিকে, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ২১ জুলাই দিন ধার্য ছিল। ওই দিন আরও দুই মাস সময় চেয়েছে প্রসিকিউশন। কিন্তু মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ থাকায় নতুন তারিখ দেননি আদালত। এজন্য তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয় তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। পরে ওই ঘটনায় সামরিক আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হয় এবং কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়। মোজাফফর ছিলেন তাদের অন্যতম।

 


img

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ছিল বোমা, খুললেই ঘটতো বিস্ফোরণ

প্রকাশিত :  ১৮:৫৪, ২৪ জুলাই ২০২৬

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচের সড়ক থেকে একটি ছাতার ভেতরে রাখা সন্দেহজনক বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

এই আকস্মিক ঘটনার প্রেক্ষাপটে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় সময়মতো বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) রাতে শাপলা চত্বরের কাছে মেট্রো স্টেশনের নিচের অংশে পথচারীরা সন্দেহজনক ছাতাটি দেখতে পান। প্রথমে স্থানীয়ভাবে খবর ছড়ায় যে দুষ্কৃতকারীরা সড়ক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। তবে পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে স্পষ্ট করেন যে এটি সাধারণ কোনো পেট্রোল বোমা ছিল না।

পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে, উদ্ধার হওয়া বস্তুটি মূলত ছাতার ভেতরে কৌশলে সেট করা একটি পাইপ বোমা ছিল। কেউ ছাতাটি খোলার চেষ্টা করলেই সরাসরি বিস্ফোরণ ঘটার মতো ভয়াবহ পরিকল্পনা নিয়ে এটি সেখানে রাখা হয়েছিল। ডিএমপির বিশেষায়িত দল অত্যন্ত দক্ষতার সাথে পাইপ বোমাটি নিষ্ক্রিয় করায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার পেছনের অপরাধীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করেছে।

জাতীয় এর আরও খবর