img

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৮০০ ছাড়ালো

প্রকাশিত :  ১২:০৯, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:৩৯, ২২ জুলাই ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৮০০ ছাড়ালো

সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৭ জন। এর মধ্যে ১৩৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে। পাশাপাশি নতুন করে ৯০৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ তিন হাজার ৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৯ হাজারের বেশি রোগী।

গত প্রায় চার মাস ধরে দেশে প্রতিদিনই হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে হাম কিংবা হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে ৪২ হাজার ১৭৪ জন। এই সময়ে বিশ্বের আর কোনো দেশে এত রোগী পাওয়া যায়নি।

ডব্লিউএইচওর সদর দপ্তর জেনেভায় নিয়মিত জমা হওয়া প্রাথমিক উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, ওই ছয় মাসে বিশ্বের ১৬৫টি দেশে মোট এক লাখ ৮৬ হাজার হাম কিংবা এর উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। পরিসংখ্যান বলছে, বর্তমানে সবচেয়ে বড় হাম সংকট দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশে।

প্রতিবেদনে দেখা যায়, ছয় মাসে হাম সংক্রমণের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী ভারত, যেখানে এ সময়ে ২৬ হাজার ৬০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তৃতীয় স্থানে থাকা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে রোগীর সংখ্যা ১৪ হাজার ৫২১। শীর্ষ ১০ দেশের তালিকায় এরপর রয়েছে মেক্সিকো (১২,৪৯৫), পাকিস্তান (১১,০৩৭), ক্যামেরুন (৯,৬৫৩), কাজাখস্তান (৭,৭৩০), গুয়েতেমালা (৬,৮৩২), অ্যাঙ্গোলা (৬,৮১৫) এবং সুদান (৫,৭৬৬)।

চলতি বছরের শুরুতে দেশে শিশুদের মধ্যে হঠাৎ হামের প্রাদুর্ভাব দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। তবে স্বাস্থ্য অধিদফতর ১৫ মার্চ থেকে নিয়মিত হাম সংক্রমণের তথ্য প্রকাশ করছে। দেশে হামের এই প্রাদুর্ভাবের জন্য টিকাদান কার্যক্রমে অন্তর্বর্তী সরকারের অবহেলাকে দায়ী করছে বর্তমান সরকার।


জাতীয় এর আরও খবর

img

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত :  ১২:৩৮, ২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

এদিন রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর প্রেক্ষিতে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই সঙ্গে তাকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জাতীয় এর আরও খবর