img

সামার অব ফান ২০২৬ঃ টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে আনন্দের আয়োজন

প্রকাশিত :  ০২:০৮, ২৯ জুলাই ২০২৬

সামার অব ফান ২০২৬ঃ টাওয়ার হ্যামলেটসে গ্রীষ্মজুড়ে আনন্দের আয়োজন

টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার যত কারণ, সেগুলো উদযাপনের সুযোগ নিয়ে এসেছে “সামার অব ফান ২০২৬”। পরিবার, শিশু, কিশোর-তরুণ ও সব বয়সী বাসিন্দাদের জন্য পুরো গ্রীষ্মজুড়ে আয়োজন করা হয়েছে নানা ধরনের ফ্রি কার্যক্রম, যার মধ্যে রয়েছে পারিবারিক ফান ডে, নতুন হেরিটেজ ট্রেইল, বাগান পরিচর্যা, খেলাধুলা, রিডিং চ্যালেঞ্জ, সৃজনশীল কর্মশালা এবং আরও অনেক কিছু।

এই কর্মসূচির মাধ্যমে বাসিন্দারা একত্রিত হওয়ার, নতুন অভিজ্ঞতা অর্জনের, সচল ও সক্রিয় থাকার, স্থানীয় ইতিহাস আবিষ্কার করার এবং টাওয়ার হ্যামলেটসের প্রাণবন্ত কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্কুলের গ্রীষ্মকালীন ছুটিজুড়ে কেউ পার্কে পরিবার নিয়ে সময় কাটাতে পারবেন, কেউ তাজা ফল ও সবজি সংগ্রহের অভিজ্ঞতা অর্জন করবেন, আবার কেউ অংশ নেবেন সৃজনশীল, সাংস্কৃতিক কিংবা ক্রীড়াভিত্তিক কার্যক্রমে।

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর লেজার, কালচার অ্যান্ড ট্যুরিজম, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, \"গ্রীষ্মকাল হওয়া উচিত সুন্দর স্মৃতি তৈরি, নতুন কিছু চেষ্টা করা এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ সময়।  “সামার অব ফান ২০২৬” ঠিক সেই সুযোগই এনে দিচ্ছে। আমরা গর্বিত যে শিশু, কিশোর-তরুণ এবং সব বয়সী বাসিন্দাদের জন্য এমন একটি চমৎকার বিনামূল্যের কর্মসূচি আয়োজন করতে পেরেছি, যা তাদের সক্রিয় হতে, সৃজনশীলতা বিকাশ করতে, নতুন দক্ষতা শিখতে এবং আমাদের বারার নানা সুযোগ-সুবিধা উপভোগ করতে সহায়তা করবে। পার্কে পারিবারিক ফান ডে, রোমাঞ্চকর যুব কার্যক্রম, রিডিং চ্যালেঞ্জ, বাগান পরিচর্যা সেশন এবং কমিউনিটি ইভেন্ট - সবার জন্যই রয়েছে উপভোগ করার মতো কিছু না কিছু।  “সামার অব ফান” মূলত কমিউনিটিগুলোকে একত্রিত করা, আমাদের অসাধারণ স্থানীয় স্থানগুলো উদযাপন করা এবং বাসিন্দাদের টাওয়ার হ্যামলেটসকে ভালোবাসার আরও অনেক কারণ খুঁজে পেতে সহায়তা করা।\"


এবারের কর্মসূচিতে মাইল এন্ড পার্ক চিলড্রেনস পার্ক এবং হোয়াইটহর্স ওপেন স্পেসে বড় পরিসরের পারিবারিক ফান ডে আয়োজন করা হবে, যেখানে থাকবে খেলাধুলা, আর্টস অ্যান্ড ক্রাফটস, স্মুদি বাইক, সফট প্লে এবং আরও অনেক আকর্ষণীয় কার্যক্রম। শিশুদের জন্য হাতে-কলমে বাগান পরিচর্যার সেশনও থাকবে, যেখানে তারা শিখতে পারবে কীভাবে ফল ও সবজি জন্মায়, নিজের হাতে ফসল সংগ্রহ করতে পারবে এবং প্রকৃতি সম্পর্কে নতুন তথ্য জানতে পারবে।

বারার আইডিয়া স্টোর ও লাইব্রেরিগুলোতে আয়োজন করা হবে “রিড টু দ্যা বিট সামার রিডিং চ্যালেঞ্জ,” “লেগো বিল্ড দ্যা চেঞ্জ” সৃজনশীল কার্যক্রম এবং বিভিন্ন বিশেষ অনুষ্ঠান। অন্যদিকে, ইয়াং টাওয়ার হ্যামলেটস্-এর মাধ্যমে তরুণদের জন্য থাকবে কর্মশালা, ভ্রমণ, সামাজিক অনুষ্ঠান এবং খেলাধুলার সুযোগ।


এছাড়া ‘অল পয়েন্টস্ ইস্ট‘-এর “ইন্ দ্যা নেইবারহুড” কর্মসূচির অংশ হিসেবে চার দিনব্যাপী ফ্রি বিনোদনের আয়োজন থাকবে, যেখানে লাইভ সঙ্গীত, থিয়েটার, খেলাধুলা এবং পারিবারিক নানা কার্যক্রম উপভোগ করা যাবে।

এই সামারে নতুন কিছু শিখতে, সক্রিয় থাকতে, পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে এবং টাওয়ার হ্যামলেটসের সেরাটা উপভোগ করতে অংশ নিন “সামার অব ফান ২০২৬” -এ।

বারাজুড়ে অনুষ্ঠিতব্য সকল আয়োজন সম্পর্কে জানতে  “সামার অব ফান ২০২৬” -এর পূর্ণ কর্মসূচি দেখতে ভিজিট করুনঃ Summer activities 2026

কমিউনিটি এর আরও খবর

img

নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করলেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান

প্রকাশিত :  ১৫:৪৭, ২০ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৫৩, ২০ নভেম্বর ২০২৬

টাওয়ার হ্যামলেটসের শ্যাডওয়েল ও ওয়্যাপিং এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট জর্জেস লেইজার সেন্টারটি নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এখানে একটি অত্যাধুনিক লেইজার ও বিনোদন কেন্দ্র, কাউন্সিল মালিকানাধীন আবাসন এবং স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নতমানের সমাগমস্থল নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর দুপুরে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান নতুন সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় কেবিনেট সদস্য এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নির্মাণকাজের উদ্বোধনের মাধ্যমে প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। অত্যাধুনিক এই আর্ট ও লেইজার সেন্টারটি বর্তমানে নির্মাণের প্রাথমিক স্তরে রয়েছে। এর নির্মাণকাজ সম্পন্ন হলে শ্যাডওয়েল, ওয়্যাপিংসহ পুরো বারার বাসিন্দারা সেন্ট জর্জেস সেন্টারের সেবা গ্রহণ করতে পারবেন।

নতুন প্রকল্পের অধীনে পুরোনো ও জরাজীর্ণ স্থাপনাটি সম্পূর্ণ ভেঙে একটি আধুনিক, উন্নতমানের ও টেকসই আর্ট ও লেইজার সেন্টার গড়ে তোলা হবে, যা আগামী কয়েক দশক ধরে বারার বাসিন্দাদের স্বাস্থ্য ও সুস্থতার সহায়ক হিসেবে কাজ করবে।

নতুন লেইজার সেন্টারে থাকবে ২৫ মিটার দীর্ঘ সুইমিং পুল, নতুন সাঁতারুদের জন্য পৃথক পুল, স্প্ল্যাশ প্যাড, অ্যাক্টিভ প্লে এরিয়া, ব্যাডমিন্টন কোর্টসহ স্পোর্টস হল, নারীদের জন্য পৃথক জিমসহ ফিটনেস সুইট এবং বিশেষায়িত স্টুডিও সুবিধা। পরিবেশগত মানদণ্ড অর্জনের বিষয়টি বিবেচনায় রেখে উন্নয়ন প্রকল্পটি BREEAM Excellent মান অনুসারে নির্মাণ করা হচ্ছে। এটি জনগণের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী স্থাপনা নির্মাণে কাউন্সিলের উচ্চাকাঙ্ক্ষাকেও সমর্থন করে।

আর্ট ও লেইজার সেন্টারের পাশাপাশি এই প্রকল্পের আওতায় কাউন্সিলের মালিকানাধীন ৩০টি নতুন বাড়ি নির্মাণ করা হবে। এর অধিকাংশই পরিবার নিয়ে বসবাসের উপযোগী হবে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাদের জন্য তিনটি বাড়ি থাকবে, যা সম্পূর্ণভাবে প্রবেশযোগ্য হবে।

এছাড়া সেন্ট জর্জস গার্ডেনের উন্নয়ন এবং একটি নতুন খেলার মাঠ নির্মাণের মাধ্যমে আশপাশের এলাকা আরও উন্নত করা হবে। এই খেলার মাঠে ছোট আকারের বহুমুখী ক্রীড়া সুবিধা এবং প্রাকৃতিক উপকরণে নির্মিত খেলাধুলার ব্যবস্থা থাকবে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সেন্ট জর্জেস লেইজার সেন্টারের নির্মাণকাজ শুরু হওয়া আমাদের বারার জন্য অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত। এই প্রকল্পটি আমাদের কমিউনিটির স্বাস্থ্য, সুস্থতা এবং ভবিষ্যতের জন্য একটি বড় বিনিয়োগ।

আমরা এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র তৈরি করছি, যা সব বয়সী ও সব সক্ষমতার মানুষকে আরও সক্রিয় হতে উৎসাহিত করবে। একই সঙ্গে আমরা অত্যন্ত প্রয়োজনীয় নতুন কাউন্সিল আবাসন এবং উন্নত উন্মুক্ত স্থানও তৈরি করছি। এসব বিনিয়োগ সম্মিলিতভাবে টাওয়ার হ্যামলেটসকে আরও স্বাস্থ্যকর, ন্যায়সংগত এবং প্রাণবন্ত একটি বারা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।”

এ সময় নির্বাহী মেয়রের সঙ্গে গিল্ডমোর গ্রুপের চিফ অপারেটিং অফিসার জন ওয়ালশ এবং পরিচালক গ্যারেথ ফিলিপস উপস্থিত ছিলেন। তারা প্রকল্পের পরবর্তী ধাপ এবং এটি দীর্ঘমেয়াদে স্থানীয় বাসিন্দাদের কী ধরনের সুবিধা দেবে, সে বিষয়ে আলোচনা করেন।

২০২৬ সালের গ্রীষ্মকালে গিল্ডমোরকে এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অপসারণকাজ, প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম এবং কারিগরি নকশা সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়। নতুন লেইজার সেন্টারের মূল নির্মাণকাজ ২০২৭ সালের বসন্তকালে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নতুন প্রকল্প সম্পর্কে গিল্ডমোরের পরিচালক গ্যারেথ ফিলিপস বলেন, “কাউন্সিলের সঙ্গে মিলে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে পেরে আমরা আনন্দিত এবং প্রকল্পটির বাস্তবায়ন দেখতে মুখিয়ে আছি। সেন্ট জর্জেস টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য অত্যাধুনিক বিনোদন সুবিধা এবং উন্নতমানের নতুন আবাসন প্রদান করবে। স্থানীয় কমিউনিটির দীর্ঘমেয়াদি উপকারে আসবে এমন একটি স্থান তৈরিতে ভূমিকা রাখতে পেরে আমাদের পুরো দল অত্যন্ত উচ্ছ্বসিত।”

এই পুনর্উন্নয়ন প্রকল্পটি উন্নতমানের সামাজিক অবকাঠামোয় বিনিয়োগ, স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করা এবং স্থানীয় বাসিন্দাদের জন্য প্রকৃত অর্থেই সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার ক্ষেত্রে কাউন্সিলের বৃহত্তর অঙ্গীকারেরই অংশ।

বাসিন্দারা কাউন্সিলের ‘সেন্ট জর্জেস লেইজার সেন্টার’ পুনর্উন্নয়নবিষয়ক ওয়েবপেজ থেকে প্রকল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর