img

পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

প্রকাশিত :  ০৭:০০, ০৩ আগষ্ট ২০২৬

 পাকিস্তানে থানার বাইরে আত্মঘাতী হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার পর ঘটনাস্থল ঘিরে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী এবং ঘটনার তদন্ত চলছে।

আজ রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরে এ হামলার ঘটনা ঘটে।

সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বে থাকা সদস্যরা এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করলে তিনি শরীরে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান।

সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অব পুলিশ ফিদা হুসেইন জানান, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন।

বিস্ফোরণটি এমন সময় ঘটে, যখন পাশের একটি মোড়ে কয়েকশ মানুষ এলাকায় ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে সমাবেশ করছিলেন।

সমাবেশের শেষ বক্তা বক্তব্য দেওয়ার সময়ই বিস্ফোরণ ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন।

উমর খান বলেন, ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে।

আহতদের কাছের শহর সাইদু শরিফের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একইসঙ্গে পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিক্ষোভকারীরা মূলত সোয়াতে আবারও বেড়ে চলা সহিংস হামলার প্রতিবাদ জানাতে সমবেত হয়েছিলেন। ২০০৯ সালে সামরিক অভিযানের আগে পাকিস্তানি তালেবানের অন্যতম শক্ত ঘাঁটি ছিল এই সোয়াত উপত্যকা।

সূত্র: আল-জাজিরা

img

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রকাশিত :  ০৪:৫৯, ২৩ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে চলমান আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা শুরু করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনও চলছে। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি হতাশ। ইরানি আলোচকদের সমালোচনা করে তাদের ‘পেশাদার কথার জাদুকর’ বলে আখ্যা দেন তিনি।

ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘তারা সারাক্ষণ কথা বলে। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।’

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চললেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা অব্যাহত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে অবরোধ ভাঙার চেষ্টা করার ইঙ্গিতসংক্রান্ত খবরের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অমান্য করে কোনো ইরানি জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজ লক্ষ্য করে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও জানান তিনি।

এ ছাড়া ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। দেশটিতে নতুন করে বিক্ষোভের ভিডিও দেখার পর তিনি এ আহ্বান জানান বলে ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন করে হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

এরপর গত জুনে সংঘাত বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে একপর্যায়ে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা চললেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর