img

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ০৬:৩৮, ১৫ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:১৭, ১৫ আগষ্ট ২০২৬

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন। 

উদ্বোধনকালে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

দেশে স্নায়ুরোগে আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ার ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজারে।

দক্ষিণ এশিয়ার আর কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। 

এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে প্রথম ৩০০ বেডের হাসপাতাল চালু করা হয়। ব্যাপক হারে রোগী আসতে থাকায় সুচিকিৎসা নিশ্চিত করতে পরে আরো ২০০ বেড বাড়ানো হয়। এবার নবনির্মিত ১৫ তলা ভবনে আরও ৫০০ বেড বাড়ানো হলো।


জাতীয় এর আরও খবর

img

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির

প্রকাশিত :  ১৮:০৬, ১৯ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের নিন্দা জানানো ও গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যাবিষয়ক আইসিজের রায়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এই রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘এর মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

আইসিজের রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য নিন্দা জানানো হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

হুমায়ুন কবির বলেন, এই রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ফলাফল ও ক্ষতিপূরণের বিষয় উঠে এসেছে। পাশাপাশি রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশও উপকৃত হতে পারে।

তিনি বলেন, ‘এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, যা ভবিষ্যতে এই সংকট সমাধানের পথ নির্ধারণে ভূমিকা রাখবে। বিশেষ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনসহ সংকট নিরসনের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ সৃষ্টির ক্ষেত্রেও রায়টি তাৎপর্যপূর্ণ হতে পারে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আইসিজের রায়ের বিস্তারিত বিষয় এবং বাংলাদেশের পরবর্তী অবস্থান নিয়ে আগামীকাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।