img

মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান

প্রকাশিত :  ০৭:৪৫, ২২ আগষ্ট ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান

ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু একটি দেশের বিরুদ্ধে ‘অবৈধ অর্থনৈতিক যুদ্ধ’ নয়; বরং এটি সব দেশের বিরুদ্ধেই এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।  ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বাঘেই বলেন, নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীন ও জাতিসংঘের সদস্য দেশগুলোর ওপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, কোনো দেশের সরকারই বিদেশি ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান বা বিমানবন্দরকে অন্য কোনো দেশের সঙ্গে বৈধ বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার অধিকার রাখে না। কারণ এসব প্রতিষ্ঠান নিজ নিজ দেশের আইনি ও সার্বভৌম ব্যবস্থার অধীনে পরিচালিত হয়।

ইরানি এই মুখপাত্র আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা এ ধরনের ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’র আন্তর্জাতিক আইনের কোনো ভিত্তি নেই।

তার মতে, এসব পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ১ নম্বর ধারায় স্বীকৃত রাষ্ট্রগুলোর সমান সার্বভৌমত্বের নীতিও লঙ্ঘন করে।

বাঘেই অর্থনৈতিক চাপকে ‘আন্তর্জাতিক অপরাধ ও বেআইনি কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে নিষেধাজ্ঞার পাশাপাশি যদি নৌ অবরোধও আরোপ করা হয়, তাহলে অন্য দেশগুলোর সার্বভৌমত্ব একটি শক্তিশালী রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়বে বলে সতর্ক করেন তিনি।

তার ভাষায়, এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করলে জাতীয় সার্বভৌমত্ব ধীরে ধীরে পুরোপুরি দুর্বল হয়ে যাবে এবং বিশ্ব আবারও ‘প্রকাশ্য ও পূর্ণমাত্রার ঔপনিবেশিকতার’ দিকে ফিরে যেতে পারে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতের ছয় নাবিককে ধরে নিয়ে গেল সোমালি জলদস্যুরা

প্রকাশিত :  ০৯:৩১, ২২ আগষ্ট ২০২৬

ছয় ভারতীয় নাবিক সোমালিয়ার উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি হয়েছেন। ক্যামেরুনের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ দখল করে জলদস্যুরা উপকূলের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সোমালিয়ার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে ৩ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ছিনতাই করা হয়।

সোমালিয়ার কর্মকর্তার দাবি, আটজন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গোরয়ো জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় জানাননি।

জানা গেছে, জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণকেন্দ্রের জন্য পাঠানো অস্ত্রের পাশাপাশি বিভিন্ন যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল।

কর্তৃপক্ষের ধারণা, জাহাজটি দখল করা জলদস্যুরা এর আগেও বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। গত ২৬ এপ্রিল সোয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনাতেও তাদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

জাহাজটির মালিক একটি শিপিং প্রতিষ্ঠান বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভারত বা তুরস্কের কোনো সরকারি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর