img

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

প্রকাশিত :  ০৯:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাট জেলায় জুমার নামাজের সময় মসজিদের কাছে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

প্রদেশটির রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পুরোনো পুলিশ লাইনসের কাছে ওই মসজিদটি অবস্থিত। শুক্রবার জুমার নামাজ চলাকালে মসজিদের বাইরে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলে একটি বড় গর্তের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, আহতদের অধিকাংশই মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি।

কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) তাহির আলী শাহ জিও নিউজকে জানান, হামলার পর হাসপাতালটিতে ১৫ জনের লাশ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে আনা হয়েছে।

ডন-কে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) জুলফিকার হামিদও হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান। তিনি বলেন, একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী প্রথমে ভবনের ফটকে আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে এগিয়ে গেলে সেখানে তাদের নিষ্ক্রিয় করা হয়। আর তিনজন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চ ভবনের দিকে চলে যায়।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফয়জি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থলের পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস

img

অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ

প্রকাশিত :  ১২:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে কর্মী সংকট ক্রমেই বাড়ছে, আর এ খাতে বিদেশি কর্মীদের অবদানও উল্লেখযোগ্য। দেশটির আবাসিক পরিচর্যা খাতের মোট কর্মীর প্রায় ৫১ শতাংশ বিদেশি নাগরিক। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার পরিচর্যাকর্মী নিয়োগের প্রয়োজন হবে।

দেশটিতে বর্তমানে প্রায় ৭০ হাজার জন পরিচর্যাকর্মী অস্থায়ী ভিসায় আছেন। তাদের অনেকে শিক্ষার্থী বা পার্টনার ভিসা নিয়ে দেশটিতে এসে এ খাতে কাজ করছেন। চলতি দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে।

স্থানীয়ভাবে কর্মী প্রশিক্ষণ, তাদের ধরে রাখা এবং বিদেশ থেকে কর্মী নিয়োগের মাধ্যমে এ সংকট মোকাবিলার পরিকল্পনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতের নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’ বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর দাবি জানিয়েছে।

তাদের ভাষ্য, অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে সামগ্রিকভাবে বিদেশি অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হলেও বয়স্কদের পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মীর চাহিদা বিবেচনায় রাখা জরুরি।

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বাংলাদেশি নাগরিকদেরও কাজের সুযোগ রয়েছে। দেশটির বিদ্যমান অভিবাসন ব্যবস্থায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ থাকায় যোগ্য বাংলাদেশিরাও এ খাতে কাজের জন্য আবেদন করতে পারেন।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা হলো, ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’। এর আওতায় অস্ট্রেলিয়ার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্পনসর করতে পারেন।

এই ব্যবস্থায় তিন ধরনের পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। এগুলো হলো, বয়স্কদের পরিচর্যা, নার্সিং ও ব্যক্তিগত সেবা।

বিদেশ থেকে আবেদন করতে আগ্রহীদের সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। বিদেশে অর্জিত যোগ্যতা বা অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করলে সংশ্লিষ্ট মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে দক্ষতা যাচাই করাতে হতে পারে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি, নির্ধারিত বেতন এবং সংশ্লিষ্ট ভিসার অন্যান্য শর্তও পূরণ করতে হবে।

বাংলাদেশ থেকে আগ্রহীরা প্রথমে অস্ট্রেলিয়ার অনুমোদিত বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ খুঁজতে পারেন। নিয়োগকর্তা ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’-এর আওতায় অনুমোদিত কি না, তা-ও যাচাই করা জরুরি। চাকরির প্রস্তাব পাওয়ার পর প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

সূত্র: ডেইলি স্টার

আন্তর্জাতিক এর আরও খবর