img

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

প্রকাশিত :  ১৮:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে  আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি। 

এদিকে আজ দুপুর থেকে রাজধানীর কয়েকটি স্থানে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ হয়। 

যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পথচারীরা ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, যাত্রাবাড়ীর পৃথকস্থানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে বিস্ফোণের ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যায়নি। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায় ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঢাকা মেডিকেলে আহত অটোরিকশা চালকের খোঁজ খবর নেন। এ ঘটনার পর থেকে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এবং মহাখালী এলাকায় পৃথক এ বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল ও প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।


বাংলাদেশ এর আরও খবর

img

রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার

প্রকাশিত :  ১১:১৩, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর আটটি এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ জানায়, বিগত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি ঢাকার প্রবেশ মুখগুলোসহ শহরের গুরুত্বপূর্ণ আড়াই শ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম চালাচ্ছে। পুলিশ ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

অভিযানের স্থানগুলোর মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন এবং গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, ৩টি চাপাতি, ৫টি চাকু, বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ, ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, মাদকদ্রব্য, একটি গাড়ি, ৫টি মোবাইল ও ৭ হাজার ২০০ টাকা জব্দ করেছে।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ এর আরও খবর