img

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

প্রকাশিত :  ১৮:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০

মিয়ানমারের রাখাইন রাজ্যে নদী তীরবর্তী একটি বাজার ও সেতুতে দেশটির সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আরও অন্তত ৫৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতীর প্রতিবেদন উদ্ধৃত করে আনাদোলু এজেন্সি জানিয়েছে, সোমবার রাখাইনের কিয়াউকতাও টাউনশিপে একটি সেতু ও বাজারে এই হামলা চালায় সামরিক বাহিনী। এলাকাটি বর্তমানে একটি বিরোধী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলায় কিসসাপনাদি বা কালাদান সেতু এবং ‘ইন্ডিয়ান মার্কেট’ নামে পরিচিত জনবহুল বাজারে বোমা ফেলা হয়। ওই সময় বাজারে পথচারী, ক্রেতা ও শ্রমিকদের ভিড় ছিল। এ কারণে হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

কালাদান নদীর তীরে অবস্থিত উপকূলীয় শহর কিয়াউকতাওয়ে এই হামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। গত এপ্রিলে মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মিয়ানমারে কয়েক বছর ধরে চলা গৃহযুদ্ধ ২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর আরও তীব্র হয়। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে কয়েকটি জাতিগত সশস্ত্র ও বিরোধী গোষ্ঠী।

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গা দীর্ঘদিন ধরেই সেনা অভিযান ও সহিংসতার বলি। সামরিক বাহিনীর অব্যাহত নির্যাতন ও দমন-পীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে প্রতিবেশী বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন।

img

তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ

প্রকাশিত :  ০৯:৩৫, ২৩ নভেম্বর ২০২৬

তুরস্কের শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে বিপুল মুনাফা করার অভিযোগে ১০৮ জন বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ নিয়েছেন দেশটির সরকারি কৌঁসুলিরা। তদন্তে দেখা গেছে, সন্দেহজনক লেনদেনের মাধ্যমে প্রত্যেক বিনিয়োগকারী ২০ লাখ ডলারের বেশি মুনাফা করেছেন।

ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৭ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল ঘিরে চলমান আর্থিক কেলেঙ্কারির তদন্তে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বরের একটি নথিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শেয়ার ও অন্যান্য আর্থিক সম্পদ জব্দের পাশাপাশি তাদের বড় অঙ্কের অর্থ উত্তোলন, স্থানান্তর এবং সম্পত্তি কেনাবেচার ওপর নজরদারির অনুরোধ জানানো হয়েছে।

তবে সম্পদ জব্দের এই অনুরোধ কার্যকর হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তুরস্কের ওয়ার্কার্স পার্টির (টিআইপি) সংসদ সদস্য আহমেত শিক ওই নথির কিছু অংশ প্রকাশ করেন। এতে বলা হয়েছে, সন্দেহজনক বাজার কারসাজির সময়ে ১০৮ ব্যক্তি প্রত্যেকে ১০ কোটি তুর্কি লিরার বেশি মুনাফা করেছেন। ডলারের হিসাবে এর পরিমাণ ২০ লাখের বেশি।

শিকের দাবি, তালিকায় সরকারি আমলা, রাজনৈতিক মহল, বিভিন্ন কোম্পানির কর্মকর্তা এবং আর্থিক খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। তবে নথিতে তালিকাভুক্ত সবাইকে আনুষ্ঠানিকভাবে অপরাধের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

গত সেপ্টেম্বরে কয়েকটি বিনিয়োগ তহবিল গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তুরস্কের এই আর্থিক সংকট সামনে আসে। এরপর দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সাতটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিচালিত ১৩১টি বিনিয়োগ তহবিল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

অভিযোগ রয়েছে, কিছু তহবিল নির্দিষ্ট কয়েকটি কোম্পানির শেয়ার সমন্বিতভাবে কেনাবেচার মাধ্যমে দাম বাড়িয়ে দেখিয়েছে। এতে তহবিলগুলোর সম্পদের কাগুজে মূল্য বেড়েছে এবং বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়েছেন। পরে শেয়ারের দাম পড়ে গেলে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, বাজার কারসাজি বা গোপন তথ্য ব্যবহারের মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অন্যদের তুলনায় বেশি সুবিধা পেয়েছে কি না।

তবে বেশি মুনাফা করলেই কেউ অপরাধী হয়ে যান না। এসব ব্যক্তির বিরুদ্ধে কারসাজি, গোপন তথ্য ব্যবহার কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।

সূত্র: ইউরোনিউজ, এএফপি

আন্তর্জাতিক এর আরও খবর