img

বড় পর্দায় আইসিজের রায় শুনলেন রোহিঙ্গারা, হাতে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ পোস্টার

প্রকাশিত :  ১৩:৪৬, ১৯ নভেম্বর ২০২৬

বড় পর্দায় আইসিজের রায় শুনলেন রোহিঙ্গারা, হাতে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ পোস্টার

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কার্যক্রম বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। পর্দার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন নারী, পুরুষ ও শিশুরা। কারও হাতে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ লেখা পোস্টার, কারও চোখে অশ্রু। আদালতের সিদ্ধান্ত শোনার অপেক্ষায় একসঙ্গে জড়ো হয়েছেন শত শত রোহিঙ্গা।

বৃহস্পতিবার উখিয়ার ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে দেখা যায় এমন দৃশ্য। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আদালতের রায় ঘোষণার কার্যক্রম বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয় এই রোহিঙ্গা ক্যাম্পে। এ সময় গাম্বিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘থ্যাংক ইউ গাম্বিয়া’ লেখা পোস্টার প্রদর্শন করেন অনেকে।

১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানায় গাম্বিয়া। একই সঙ্গে রোহিঙ্গাদের লক্ষ্য করে সব ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ এবং জেনোসাইডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানায় দেশটি। ২০১৯ সালে গাম্বিয়া অভিযোগ করে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান চালিয়েছে মিয়ানমার।

রায়কে ঘিরে ক্যাম্পজুড়ে ছিল আবেগ ও প্রত্যাশার পরিবেশ। কেউ মোনাজাতে হাত তোলেন, কেউ নীরবে চোখের পানি ফেলেন। তাদের কাছে এই রায় কেবল একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ২০১৭ সালে রাখাইনে মিয়ানমারের সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানোর বেদনা।

দ্য হেগের পিস প্যালেসে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিট) রায় পাঠ শুরু করেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া। ১৫ বিচারকের সমন্বয়ে গঠিত আদালতের সিদ্ধান্ত পাঠ করেন জাপানের এই বিচারপতি। আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা যায়।

রায় পাঠের শুরুতে ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়ও উল্লেখ করা হয়।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছি আমরা। আইসিজের রায় নিয়ে আশাবাদী। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ব্যাপক যৌন সহিংসতার বিষয় উঠে এসেছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। আমাদের প্রত্যাশা, এ রায়ের মধ্য দিয়ে একদিন নিজ দেশে ফেরার পথ সুগম হবে।’

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য গাম্বিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নে সান লুইন বলেন, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়। এর সঙ্গে রোহিঙ্গাদের পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগও জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, আইসিজের অনুকূল রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করতে পারে। তবে রায় ঘোষণার পরপরই প্রত্যাবাসন শুরু হবে, এমন প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের পরিবর্তন বাস্তবায়নে সময় লাগবে।

জাতীয় এর আরও খবর

img

ইউপি নির্বাচন পাঁচ ধাপে, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি: ইসি

প্রকাশিত :  ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৬

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচ ধাপে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে । কোন ধাপে কোন ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করে জেলা ও উপজেলা অনুযায়ী তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এই তালিকার ভিত্তিতে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার ইসির ১৪তম কমিশন সভায় ধাপভিত্তিক নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের তালিকা চূড়ান্ত করা হয়। সভা শেষে জানানো হয়েছিল, বৃহস্পতিবারের মধ্যে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে আগামী বছরের ২১ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট অনুষ্ঠিত হবে।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

কোন ইউনিয়নে কবে নির্বাচন অনুষ্ঠিতঁ হবে তা দেখতে এখানে ক্লিক করুন।