img

অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ

প্রকাশিত :  ১২:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রয়োজন লক্ষাধিক পরিচর্যাকর্মী, বাংলাদেশিদেরও সুযোগ

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে কর্মী সংকট ক্রমেই বাড়ছে, আর এ খাতে বিদেশি কর্মীদের অবদানও উল্লেখযোগ্য। দেশটির আবাসিক পরিচর্যা খাতের মোট কর্মীর প্রায় ৫১ শতাংশ বিদেশি নাগরিক। সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার পরিচর্যাকর্মী নিয়োগের প্রয়োজন হবে।

দেশটিতে বর্তমানে প্রায় ৭০ হাজার জন পরিচর্যাকর্মী অস্থায়ী ভিসায় আছেন। তাদের অনেকে শিক্ষার্থী বা পার্টনার ভিসা নিয়ে দেশটিতে এসে এ খাতে কাজ করছেন। চলতি দশকের শেষ দিকে অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে আরও প্রায় ১ লাখ ১০ হাজার কর্মীর প্রয়োজন হবে।

স্থানীয়ভাবে কর্মী প্রশিক্ষণ, তাদের ধরে রাখা এবং বিদেশ থেকে কর্মী নিয়োগের মাধ্যমে এ সংকট মোকাবিলার পরিকল্পনা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতের নিয়োগকর্তাদের সংগঠন ‘এজিং অস্ট্রেলিয়া’ বিদেশি পরিচর্যাকর্মীদের জন্য বিশেষ দক্ষতাভিত্তিক ভিসা চালুর দাবি জানিয়েছে।

তাদের ভাষ্য, অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে সামগ্রিকভাবে বিদেশি অভিবাসীর সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হলেও বয়স্কদের পরিচর্যার মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মীর চাহিদা বিবেচনায় রাখা জরুরি।

অস্ট্রেলিয়ার বয়স্কদের পরিচর্যা খাতে বাংলাদেশি নাগরিকদেরও কাজের সুযোগ রয়েছে। দেশটির বিদ্যমান অভিবাসন ব্যবস্থায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ থাকায় যোগ্য বাংলাদেশিরাও এ খাতে কাজের জন্য আবেদন করতে পারেন।

এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা হলো, ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’। এর আওতায় অস্ট্রেলিয়ার অনুমোদিত নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্পনসর করতে পারেন।

এই ব্যবস্থায় তিন ধরনের পেশায় বিদেশি কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। এগুলো হলো, বয়স্কদের পরিচর্যা, নার্সিং ও ব্যক্তিগত সেবা।

বিদেশ থেকে আবেদন করতে আগ্রহীদের সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত বা পেশাগত যোগ্যতা ও প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। বিদেশে অর্জিত যোগ্যতা বা অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন করলে সংশ্লিষ্ট মূল্যায়নকারী সংস্থার মাধ্যমে দক্ষতা যাচাই করাতে হতে পারে। পাশাপাশি পূর্ণকালীন চাকরি, নির্ধারিত বেতন এবং সংশ্লিষ্ট ভিসার অন্যান্য শর্তও পূরণ করতে হবে।

বাংলাদেশ থেকে আগ্রহীরা প্রথমে অস্ট্রেলিয়ার অনুমোদিত বয়স্কদের পরিচর্যা প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুযোগ খুঁজতে পারেন। নিয়োগকর্তা ‘এজ কেয়ার ইন্ডাস্ট্রি লেবার এগ্রিমেন্ট’-এর আওতায় অনুমোদিত কি না, তা-ও যাচাই করা জরুরি। চাকরির প্রস্তাব পাওয়ার পর প্রয়োজনীয় দক্ষতা মূল্যায়ন, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাজের অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট ভিসার জন্য আবেদন করতে হবে।

সূত্র: ডেইলি স্টার

img

‘মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে’, জার্মানির ৪৫০ স্কুলে হামলার হুমকি

প্রকাশিত :  ০৫:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

জার্মানির ৪৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোয় এসব হুমকি পাঠানো হয়। তবে প্রাথমিক তদন্তে কোনো তাৎক্ষণিক বিপদের আশঙ্কা দেখছে না পুলিশ। ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকির ঘটনার মধ্যেই নতুন করে এ ঘটনা ঘটল।

জার্মানির রাজধানী বার্লিনসহ বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের বিভিন্ন স্কুল হুমকির ই-মেইল পাওয়ার কথা জানিয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এসব বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হুমকি পাওয়া সব অঞ্চলের পুলিশ জানিয়েছে, দ্রুত যাচাই-বাছাইয়ের পর তারা নিশ্চিত হয়েছে যে এসব বার্তায় বাস্তব কোনো বিপদের ইঙ্গিত নেই। হুমকিগুলোকে ‘গুরুতর নয়’ বলেও উল্লেখ করেছে তারা।

বার্লিন পুলিশ এক বিবৃতিতে বলেছে, যেসব স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে, সেসব প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো স্কুলের জন্য সুনির্দিষ্ট বিপদের তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করে দেওয়া হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাইনল্যান্ড-প্যালাটিনেটের পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের ই-মেইলে বেনামি প্রেরকরা দাবি করেছে, স্কুল ভবনগুলোতে বিস্ফোরক রাখা হয়েছে এবং সেগুলো বিস্ফোরণের হুমকি দিয়েছে।

পুলিশ বলেছে, এ ঘটনায় তদন্ত চলছে। এ ধরনের হুমকি জনমনে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। পাশাপাশি এটি একটি ফৌজদারি অপরাধ।

জার্মানির ট্যাবলয়েড পত্রিকা বিল্ড জানিয়েছে, হুমকিসংবলিত ই-মেইলগুলোর বিষয়বস্তুতে লেখা ছিল, ‘মৃত্যু তোমাদের জন্য অপেক্ষা করছে’।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় স্কুলগুলোকে খালি করার পরামর্শ দেওয়া হচ্ছে না। কারণ, ঘটনাটি সামগ্রিক নিরাপত্তাঝুঁকির বর্তমান চিত্রের মধ্যেই পড়ছে।

বার্লিনে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার ধারণা, স্কুলগুলো এবং রাজ্যগুলোর নিরাপত্তা কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার জন্য প্রস্তুত। পরিস্থিতি অনুযায়ী তারা যথাযথ ব্যবস্থা নিতে পারবে।’ তবে এসব হুমকির পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি।

গত কয়েক সপ্তাহে ইতালি, যুক্তরাজ্য, হাঙ্গেরি ও সার্বিয়ার বিভিন্ন স্কুলেও একই ধরনের ভুয়া বোমা হামলার হুমকি পাঠানো হয়েছে। তবে জার্মানির ঘটনার সঙ্গে ওই দেশগুলোর ঘটনাগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র : আলজাজিরা ও এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর