‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধ’র গল্প ধ্বনিত
লন্ডন, ২১ নভেম্বর: ‘আই হেয়ার হামিং’নাটকে মুক্তিযুদ্ধ’র গল্প ধ্বনিত হয়েছে। ‘এ সিজন অব বাংলা ড্রামা’র নাটোৎসবে ‘রেশাম কালেক্টিভ’ মঞ্চস্থ করেছে এ নাটক। আনিকা ওয়াদুদ’র লেখা নাটক মুক্তিযুদ্ধ নিয়ে গল্প ছিল দর্শকমহলে কৌতুহলোদ্দীপক। পরিচালনায় ছিলেন লেখক আনিকা ওয়াদুদ। সহকারি পরিচালক ছিলেন মাহিরা রাফি চৌধুরী ও সাদিয়া আঞ্জুম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আমির হামজা,তাসমিয়া তাহিয়া, আফসার আলী, আনিসুর রহমান, আনজুম হোসেন।
ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম নাটকে যেভাবে অভিনয় করেছেন, সেভাবে দর্শক সারিতেও ছিল ব্রিটিশ বাঙালি নতুন প্রজন্ম। হল ভর্তি দর্শক নাটক উপভোগ করেন। নাটকের চরিত্রায়নে উঠে আসে মুক্তিযুদ্ধের গল্প যেমন, তেমনি উঠে আসে বাংলাদেশ এবং ব্রিটিশ বাঙালি তরুণ প্রজন্ম, মুক্তিযুদ্ধে তাদের অংশগ্রহণ, প্রেম, মাতৃভাষা বাংলা, সর্বোপরি দেশপ্রেম এবং পূর্বপুরুষের ত্যাগের কথা। বিলাতবাসী হয়েও দেশকে শত্রুমুক্ত করার লড়াইয়ে অংশগ্রহণ হয়ে ওঠে সেতুবন্ধন। সিলেটী ডায়লগসহ ইংরেজি ভাষার ব্যবহার নাটকে ব্রিটিশবাঙালি সাংস্কৃতিক আবহ ছিল নাটকের অন্যতম প্রাণ। ছোট ছোট সিলেটী ডায়লগ বা সংলাপ হাস্যরসের সৃষ্টি করে। মায়ের সাথে বাংলাদেশে যাওয়া, বাংলাদেশের উষ্ণ আবহাওয়ায় প্রথমে মানিয়ে না নিতে পারা, নানির স্মৃতি, পরে বাংলাদেশী তরুণের সাথে প্রেমে জড়িয়ে যাওয়া ছিল কৌতুহলের। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ শুরু হলে যুদ্ধে জড়িয়ে যাওয়া গল্পকে নতুন মাত্রায় নিয়ে যায়।
উল্লেখ্য, বাংলাদেশের একাত্তরের মহান মুক্তিযু্দ্ধের ইতিহাসকে ব্রিটিশ বাঙালিসমাজে সাহিত্য, সাংস্কৃতিকচর্চায় তুলে ধরা নৈতিক দায়িত্ব। ‘আই হেয়ার হামিং’ নাটক এ ধারায় অন্যতম সংযোজন। ছবি: রেহান জামিল



















