img

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিত :  ০৭:১৫, ২৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৭:২৩, ২৬ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

মুন্সীগঞ্জ জেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে শুরু হওয়া ধাওয়া-পাল্টাধাওয়া, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত চারজন। সংঘর্ষের মধ্যে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হয়েছেন।

ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সেলিম মোল্লা (৪৫) চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার পাভেল হোসেনের চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান, সজীব (৩০) ও আবু খান (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত ১১ নভেম্বরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে আবারও সংঘর্ষে জড়ায় তারা। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের একপর্যায়ে আলমগীর নামে একজন নদীতে নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, নদীতে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে। তাকে উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জাতীয় এর আরও খবর

img

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১২:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার বিষয়ে গতকাল (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি দেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্প প্রস্তাবে যা আছে-

বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে, তারমধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। 

এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত স্পেস না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই, ধারণক্ষমতার অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ব্যবহৃত হওয়ায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস স্পেসের চাহিদা এবং সচিবালয়ের কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।

জাতীয় এর আরও খবর