img

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

প্রকাশিত :  ০৭:১৮, ২৬ নভেম্বর ২০২৬

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিশ্ববাণিজ্যে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৪টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে তার প্রশাসন। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে বিভিন্ন দেশের সরকার উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেখা দিয়েছে পতন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ঘোষিত প্রস্তাবে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে চীনের ওপর আরোপ করা প্রায় ২৫ শতাংশ শুল্কও বহাল রয়েছে।

চীনের বিরুদ্ধে অতিরিক্ত উৎপাদনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের দাবি, চীন বিভিন্ন শিল্পে ভর্তুকি দিয়ে কম দামে পণ্য উৎপাদন ও রপ্তানি করছে। ইস্পাত, বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের মতো খাতে অতিরিক্ত উৎপাদনের কারণে আন্তর্জাতিক বাজারে অন্য দেশগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে।

তবে বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, অতিরিক্ত উৎপাদনের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানান তিনি।

প্রস্তাবিত নতুন শুল্কের আওতার বাইরে থাকতে পারে প্রায় ৩০ বিলিয়ন ডলারের চীনা পণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার আওতায় এসব পণ্যের শুল্ক কমানোর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

শুল্কের আওতায় বাংলাদেশসহ ১৪ অংশীদার

চীন ছাড়াও নতুন শুল্কের প্রস্তাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশ।

অন্যদিকে মেক্সিকো ও নরওয়েকে আপাতত এ তালিকার বাইরে রাখা হয়েছে। দেশ দুটির বাণিজ্যচর্চা নিয়ে তদন্ত এখনো চলমান।

প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ ও সুইজারল্যান্ড

নতুন শুল্ক প্রস্তাবের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের তদন্তের ফলাফল পর্যালোচনা করবে। তবে ইউরোপকে অতিরিক্ত উৎপাদনের উৎস হিসেবে দেখানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে জোটটি।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ গিল বলেন, ইউরোপ বরং অতিরিক্ত উৎপাদনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি। সুইজারল্যান্ড সরকারও তদন্তে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, তাদের দেশের প্রতিষ্ঠানগুলো বাজারের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করে।

পতন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে

নতুন শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়ে। প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ০.৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.২৫ শতাংশ কমে লেনদেন শেষ করে। তবে ডাও জোন্স সূচক আগের অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ০.৩ শতাংশ বেড়ে দিনের লেনদেন শেষ করে।

এদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরকারি বন্ডের মুনাফার হারও কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যও বাজারে প্রভাব ফেলেছে। মূল্যস্ফীতির একটি গুরুত্বপূর্ণ সূচক ০.৩ শতাংশ বাড়ায় সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

জাতীয় এর আরও খবর

img

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত :  ১২:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার বিষয়ে গতকাল (২৫ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ দ্রুত শেষ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থাপন বা স্থানান্তরের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি এতে সম্মতি দেন। তাই নির্ধারিত তারিখে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সংশ্লিষ্টরা জানান, সচিবালয় স্থানান্তর প্রকল্পের প্রস্তাবিত ব্যয় চিন্তা করা হয়েছে ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।

প্রকল্প প্রস্তাবে যা আছে-

বাংলাদেশ সচিবালয়ের বর্তমান অবস্থানে ১৭.৫৭ একর জায়গায় মোট ১৩টি ভবন আছে, তারমধ্যে ৮টি ভবন স্বাধীনতা-পূর্বকালে নির্মিত। সচিবালয়ের পুরোনো ১ ও ২, ৩ ও ৮ নম্বর ভবনগুলো ১৯৩৭ থেকে ১৯৩৯ সালে এবং ৫ নম্বর ভবনটি ১৯৪৭ সালে নির্মিত হওয়ায় ভূমিকম্প সহনীয় হিসেবে নির্মিত হয়নি। ঢাকা শহর ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় ওই স্থাপনাগুলোতে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। 

এছাড়া ভবনগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারযোগ্য পর্যাপ্ত স্পেস না থাকায় স্বাভাবিক কর্মপরিবেশ ব্যহত হচ্ছে। ভবনগুলোতে পর্যাপ্ত সংখ্যক ওয়াশ-ব্লক নেই, ধারণক্ষমতার অধিকসংখ্যক কর্মকর্তা-কর্মচারী কর্তৃক ব্যবহৃত হওয়ায় স্বাস্থ্যকর কর্মপরিবেশ বজায় রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যমান বাংলাদেশ সচিবালয়ে মোট অফিস স্পেস প্রায় ১৮.৭৬ লাখ বর্গফুট। বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত অফিস স্পেসের চাহিদা এবং সচিবালয়ের কমপাউন্ডের বাইরে অবস্থিত বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের স্থান সংকুলানের জন্য আরও প্রায় ১০ লাখ বর্গফুটের বেশি অফিস স্পেস প্রয়োজন।

জাতীয় এর আরও খবর