img

ইরানের সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নেই: তেহরান

প্রকাশিত :  ১১:৪৭, ২৮ নভেম্বর ২০২৬

ইরানের সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নেই: তেহরান

ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নোজার নেমাতি। তিনি বলেছেন, দেশের সীমান্ত সুরক্ষায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। স্থলযুদ্ধের ক্ষেত্রে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কেও প্রতিপক্ষ ভালোভাবে অবগত।

আজ শনিবার (২৮ নভেম্বর) তেহরানে এক অনুষ্ঠানের ফাঁকে এসব কথা বলেন নেমাতি।

তিনি জানান, যুদ্ধ শুরুর আগেই সেনাবাহিনীর স্থলবাহিনী দেশের সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছিল। পাশাপাশি ইরানের স্থলসীমান্ত রক্ষায় প্রয়োজনীয় প্রস্তুতি ও আগাম পরিকল্পনাও নেওয়া হয়েছিল।

নেমাতির মতে, ১২ দিনের যুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন ঘটনা ও সংঘাতের সময় সেনাবাহিনীর স্থলবাহিনী অন্য সামরিক বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। সশস্ত্র বাহিনীর সঙ্গে স্থলযুদ্ধে জড়ানোর সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেই।

সাম্প্রতিক সামরিক ঘটনাপ্রবাহে স্থলবাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। নেমাতি বলেন, ১২ দিনের যুদ্ধের শুরু থেকেই এসব ইউনিট সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং এখনো তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইরানি এই সেনা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং জনগণের উপস্থিতি; এ দুটি বিষয় প্রতিরোধ সক্ষমতার গুরুত্বপূর্ণ ভিত্তি। সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করে জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে এবং সীমান্তসহ প্রতিরক্ষার বিভিন্ন ক্ষেত্রে পূর্ণ প্রস্তুতি বজায় রাখলে উদ্বেগের কোনো কারণ নেই।

দেশটির সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে নেমাতি বলেন, ইরানের সঙ্গে ১৪টি দেশের সীমান্ত রয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে অস্থিতিশীলতা থাকলেও সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও তৎপরতার কারণে ইরানের সীমান্তে নিরাপত্তা বজায় রয়েছে।

সূত্র : মেহের নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর

img

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতায় নিরাপত্তাঝুঁকি দেখছে ভারত

প্রকাশিত :  ০৬:৪৭, ২৮ নভেম্বর ২০২৬

চীন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করছে নয়াদিল্লি। বিশেষ করে মহাকাশ প্রযুক্তি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি সক্ষমতা বৃদ্ধিতে পাকিস্তান চীনের সহযোগিতা পেলে দেশটির সামরিক শক্তি আরও জোরদার হতে পারে বলে সতর্ক করেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল এন এস রাজা সুব্রামানি।

শুক্রবার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে ‘ভবিষ্যতের যুদ্ধ ও বহুমাত্রিক সামরিক অভিযান পরিচালনায় ভারতের প্রস্তুতি’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহায়তায় পাকিস্তানের মহাকাশ সক্ষমতা ক্রমেই বাড়ছে। একই সঙ্গে পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকো নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও দেশটি সহযোগিতা পেতে পারে বলে মনে করছেন তিনি।

ভারতের প্রতিরক্ষা প্রধানের আশঙ্কা, চীনের উন্নত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও অনুসন্ধান প্রযুক্তি এবং অবস্থান নির্ণয়, নৌচলাচল ও সময় নির্ধারণব্যবস্থায় পাকিস্তানের প্রবেশাধিকার তৈরি হতে পারে। এসব প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেলে পাকিস্তানের সামরিক বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ ও যুদ্ধক্ষেত্রে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, গোয়েন্দা নজরদারি এবং অবস্থান নির্ণয়সংক্রান্ত যেসব উন্নত প্রযুক্তি চীনের হাতে রয়েছে, সেগুলো পাকিস্তানও কাজে লাগাতে পারে। ভারতের কৌশলগত পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এ পরিস্থিতিতে নিজেদের নজরদারি ও মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে হবে ভারতকে।

এ জন্য ভারতের মহাকাশভিত্তিক নজরদারি কর্মসূচির তৃতীয় পর্যায় বা ‘স্পেস বেইজড সার্ভেইল্যান্স ফেজ-৩’ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন জেনারেল সুব্রামানি। তাঁর মতে, দেশটির সামরিক মহাকাশ অবকাঠামো উন্নয়নে এটি বড় পদক্ষেপ হতে পারে।

এই কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৫২টি সামরিক উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ভারত। ২০২৪ সালের অক্টোবরে দেশটির নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রকল্পটির অনুমোদন দেয়। প্রতিরক্ষা মহাকাশ সংস্থা ও সমন্বিত প্রতিরক্ষা সদর দপ্তরের তত্ত্বাবধানে এটি বাস্তবায়িত হওয়ার কথা।

প্রায় ২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এই প্রকল্পে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণ করবে। বাকি ৩১টি উপগ্রহ নির্মাণের দায়িত্ব দেওয়া হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে। জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট প্রকল্পে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলোচনায় চীনের মহাকাশ সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রতিরক্ষা প্রধান। তাঁর বক্তব্য, বেইজিং এমন উন্নত প্রযুক্তি তৈরি করেছে, যা দিয়ে উপগ্রহের কার্যক্রমে বাধা সৃষ্টি করা কিংবা সেগুলোকে লক্ষ্যবস্তু করা সম্ভব।

চীনের কাছে উপগ্রহবিধ্বংসী ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি রয়েছে বলে ধারণা করা হয়। এসব প্রযুক্তি উপগ্রহ যোগাযোগ ও নৌচলাচলসংক্রান্ত নেটওয়ার্কে বিঘ্ন ঘটাতে সক্ষম।

জেনারেল সুব্রামানি বলেন, আধুনিক যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। স্থল, নৌ ও আকাশপথের পাশাপাশি মহাকাশেও আধিপত্য প্রতিষ্ঠা এখন সামরিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় ভারতকে মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখতে হবে।


আন্তর্জাতিক এর আরও খবর