সাক্ষাৎকারে জেলেনস্কি

img

ট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো

প্রকাশিত :  ০৭:০১, ২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট: ০৯:২৯, ২৭ নভেম্বর ২০২৬

ট্রাম্প-পুতিনের ‘অদ্ভুত’ বন্ধুত্ব অনেকটা হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়টের ক্ষেপণাস্ত্র পেতে দেরি হচ্ছে। এতে রুশ হামলায় ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না।

কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করা একটি ছবির প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিষয়টিকে ‘অদ্ভুত’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, একজন আগ্রাসী ও হত্যাকারী কখনো বন্ধু হতে পারেন না। কিছুতেই না। বিষয়টি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন ট্রাম্পের দুই দূত। তবে জেলেনস্কির অভিযোগ, অনেক সময় তাদের অবস্থান কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সর্বশেষ পর্বে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।’ আগামী ডিসেম্বরে আলোচনা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেলেনস্কির মতে, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রতিনিধিদের বার্তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রে ক্রেমলিনও প্রতিবন্ধকতা তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে-এমন প্রকৃত সহযোগী ও বন্ধুদের প্রয়োজন তাদের।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, আগ্রাসনকারীর প্রতি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করলে তা ভুক্তভোগী ও আগ্রাসনকারী-উভয় পক্ষকে সমর্থন করার শামিল। এটি ঠিক নয়। তবে যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে টেকসই শান্তিচুক্তির প্রচেষ্টায় নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে।

ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে অভিযোগ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কথা বলেন জেলেনস্কি। তার ভাষ্য, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের বড় ঘাটতি রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে এবং সেখানে বেশি সহায়তা দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ মানুষের প্রাণহানি।

ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার সীমিত থাকার বিষয়টিও নিশ্চিত করেন জেলেনস্কি। এ সিদ্ধান্তের পেছনে কারা রয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, প্রযুক্তিগতভাবে বিষয়টি স্পেসএক্সের এবং রাজনৈতিকভাবে কার সিদ্ধান্ত, তা তিনি জানেন না।

কঠিন শীতের প্রস্তুতি

এদিকে শীত সামনে রেখে ইউক্রেনের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। রাশিয়ার হামলায় দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিয়েভসহ বড় শহরগুলোতে নিয়মিত ড্রোন হামলা চলছে। বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অনেক বাসিন্দা শহর ছেড়ে যাচ্ছেন। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।

জেলেনস্কি বলেন, রাশিয়া চায় ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে চলে যাক। তবে রাজধানী রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা করবেন। তার ভাষায়, ‘মানুষ চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না।’

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। এর মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে। পূর্ব লিবিয়ায় নোঙর করা রুশ যুদ্ধজাহাজ মের্কুরিতে হামলার ঘটনাকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে এ ধরনের হামলা বিপজ্জনক বলেও স্বীকার করেন তিনি। তার দাবি, সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে ইউক্রেনীয় বাহিনী কখনো হামলা চালায় না।

আন্তর্জাতিক এর আরও খবর

img

দুই টার্কিকে ক্ষমা করলেন ট্রাম্প

প্রকাশিত :  ১১:২৮, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বার্ষিক থ্যাংকসগিভিং ঐতিহ্য অনুযায়ী ‘ফ্রিডম’ ও ‘ফেদার্স’ নামের দুটি টার্কিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন। যুক্তরাষ্ট্রের  স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, টার্কি দুটিকে তিনি ‘পূর্ণ, সম্পূর্ণ ও নিঃশর্ত ক্ষমা’ দিচ্ছেন। এর অর্থ, তারা বাকি জীবন নিরাপদে বেঁচে থাকবে।

একটি টার্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘ফ্রিডম, এই মুহূর্ত থেকে তোমাকে সম্পূর্ণ ও চূড়ান্ত ক্ষমা করা হলো।’

এ সময় তিনি জানান, অন্য টার্কি ফেদার্স ঝোপের মধ্যে পালিয়ে গেছে। তবে সেটিকেও ক্ষমা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ওয়াশিংটনের উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফ্রিডম ও ফেদার্সকে পরিচয় করিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসে যাওয়ার আগে তারা হোটেলটির একটি বিশেষ স্যুটে অবস্থান করছিল।

এবারের আয়োজনটি যুক্তরাষ্ট্রের ৭৯তম বার্ষিক ন্যাশনাল থ্যাংকসগিভিং টার্কি প্রেজেন্টেশন। ১৯৪৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের কাছে ন্যাশনাল টার্কি ফেডারেশন টার্কি উপহার দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজনের সূচনা হয়।

তবে টার্কিকে প্রেসিডেন্টের আনুষ্ঠানিক ক্ষমা করার প্রথা শুরু হয় ১৯৮৯ সালে। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এই ঐতিহ্য চালু করেন।

এরপর থেকে প্রতি বছর থ্যাংকসগিভিং উপলক্ষে হোয়াইট হাউসে টার্কিকে ক্ষমা করার এই আয়োজন যুক্তরাষ্ট্রের অন্যতম পরিচিত উৎসবে পরিণত হয়েছে।

সূত্র: সিবিএস নিউজ

আন্তর্জাতিক এর আরও খবর