img

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির দুঃখ প্রকাশ

প্রকাশিত :  ১০:২৫, ০২ অক্টোবর ২০২৫

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির দুঃখ প্রকাশ

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এনসিপি।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

এনসিপির পক্ষ থেকে পরবর্তী এক বিবৃতিতে ঘটনাটিকে “দুঃখজনক ও নিন্দনীয়” বলে উল্লেখ করা হয়। বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। সফরে এনসিপির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন।

এ সময় এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান তারা।

এদিকে ঘটনা দুঃখ প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এনসিপি। এতে সই করেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরইমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

আরও বলা হয়, নতুন বাংলাদেশে এনসিপির অগ্রযাত্রায় সাংবাদিক ভাই ও বোনেরা আমাদের সহযাত্রী। ফলে এই সৌহার্দপূর্ণ সম্পর্কের মাঝে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাম্য নয়। আগামীতে এনসিপি অবশ্যই এ বিষয়ে আরও সতর্ক হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে সার্বক্ষণিক ভাবে পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় দলটি।

জাতীয় এর আরও খবর

img

রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত :  ১৩:১৫, ১৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকারর ৪টি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন । সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

তিনি বলেন, ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

৪টি আন্তঃনগর বাস টার্মিনাল হচ্ছে—ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেওয়ার তাগাদা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন, এআই ক্যামেরা স্থাপনসহ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা স্থাপনের সুফল প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জাতীয় এর আরও খবর