img

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন-গুলি

প্রকাশিত :  ০৭:১২, ০৩ অক্টোবর ২০২৫

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে বাসে আগুন-গুলি

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে গুলি বর্ষণ ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তার আগে বাসের যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পুলিশ বলছে, পরিবহনের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সকালে মিরপুর-১০ এর সেনপাড়ায় এই ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে মেট্রো রেলের ২৬৬ নম্বর পিলারের নিচে আলিফ পরিবহনের একটি বাস আটক করে তিন ব্যক্তি। ২ জন গাড়িতে উঠে সবাইকে নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়। পরে নিচে থাকা একজন জানালার গ্লাসে গুলি করে‌ পালিয়ে যায়। 

এটা আলিফ পরিবহনের অভ্যন্তরীণ কোন্দলের ফলে এক পক্ষ অন্যপক্ষের বাসে হামলা চালিয়েছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর তাকে ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়া হয়। এসময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এক পর্যায়ে বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে নিয়ে যায়। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সাথেও তার সংশ্লিষ্ট রয়েছে বলে দাবি করেন তারা।

img

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

প্রকাশিত :  ০৫:৫৬, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:০৯, ২১ এপ্রিল ২০২৬

নওগাঁ জেলার নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। ফজরের নামাজ পড়ার পর স্থানীয় এক বৃদ্ধা তাদের ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে সেখানে এগিয়ে গেলে হাবিব, তার স্ত্রী, ছেলে ও মেয়ের গলা কাটা মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক বৃদ্ধার চিৎকারে গ্রামবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানায় সংবাদ দেয়। পরে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

নিয়ামতপুর থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।


বাংলাদেশ এর আরও খবর