img

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ, অ্যালেক্স গ্যাং প্রধান অ্যালেক্স ইমন নিহত

প্রকাশিত :  ২০:১৯, ১২ এপ্রিল ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ, অ্যালেক্স গ্যাং প্রধান অ্যালেক্স ইমন নিহত

জ্যৈষ্ঠ প্রতিবেদক সৈয়দ আমানউল্লাহ: রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন গ্রুপ’-এর দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজারের বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত কিশোর গ্যাং লিডার ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে ।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ‘অ্যালেক্স ইমন’ ও ‘আরমান শাহরুখ’ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরেই রোববার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে মো. সাইফ, তুহিন ও রাব্বি কাজী নামে তিন যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে, যা সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই সংঘর্ষ ঘটে থাকে। এসব গ্রুপের বিরুদ্ধে ছিনতাই, মাদক কারবার ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার, ছিনতাই ও কুপিয়ে জখমের ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

বাংলাদেশ এর আরও খবর

img

দেশের পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত :  ০৬:১৫, ১১ মে ২০২৬

ঢাকাসহ দেশের পাঁচ উপকূলীয় জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এছাড়াও অপর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

এদিকে ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।