img

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা করা হবে

প্রকাশিত :  ০৭:৫২, ০৯ এপ্রিল ২০২৬

শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা করা হবে

শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন এবং গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১২তম লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার লিখিত প্রশ্নে বলেন, দেশের মহাসড়কগুলোতে সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল ও সঠিক ভাড়া নির্ধারণ করে তা কার্যকর করার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে শেখ রবিউল আলম বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ২৭ অনুযায়ী প্রতিটি মহানগর এলাকা, বিভাগ এবং জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন ও কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে। সড়ক পরিবহন বিধিমালা-২০২২ এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রী ও পণ্য পরিবহন কমিটি কর্তৃক রাস্তার ধারণক্ষমতা বিবেচনাক্রমে স্ব-স্ব অধিক্ষেত্রে পরিবহনযানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এর প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, গণপরিবহনের জন্য ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুর্ননির্ধারণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উক্ত পুনর্নির্ধারিত ভাড়া অনুযায়ী বিআরটিএ কর্তৃক ভাড়ার তালিকা বিআরটিএ ওয়েব সাইটে প্রকাশ করা হয় এবং গণপরিবহনের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শন করানোর জন্য সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠান/মালিককে নির্দেশনা প্রদান করা হয়।

মন্ত্রী জানান, গণপরিবহনের নন-এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা রয়েছে। শিগগিরই এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে এবং ভাড়ার তালিকা গণপরিবহনের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশ এর আরও খবর

img

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের ৪ ভাই নিহত

প্রকাশিত :  ০৫:২৫, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাস্থ ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে একটি গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মুলাদ্দা নামক এলাকায় বুধবার (১৩ মে) গাড়ির এসির বিষাক্ত গ্যাস নির্গত হয়ে তাদের মৃত্যু হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি ওমানে বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে। নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের সূত্রে জানা যায়, ওই পরিবারের পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।