img

কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন

প্রকাশিত :  ১৯:১৮, ১১ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় আস্তানায় হামলা চালিয়ে কথিত পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর-আগুন

কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগ এনে একটি দরবার বা আস্তানায় হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই হামলায় ওই দরবারের কথিত প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীম নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় আরও ৩ জন আহত হয়েছেন।

কোনআন শরীফ অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কথিত পীর শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে তাকে শোনা যায়, ‘কোরআন যে, তৈরি করেছে সেও মূর্খ, যারা পড়ে তারাও মূর্খ।’

পরে এই ভিডিও ছড়িয়ে পড়ার এক পর্যায়ে ওই পীরের আস্তানায় হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় হামলাকারীরা পীর শামিমসহ তার অনুসারী হিসেবে পরিচিত জুবায়ের (৩২), জামিরুন্নেছা (৪০) ও খোকনকে (৪৫) পিটিয়ে আহত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করে এবং বাকি ৩ জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের আলী মাস্টারের ছেলে। এর আগে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, নিহত পীরের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। 

বাংলাদেশ এর আরও খবর

img

দেশের পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশিত :  ০৬:১৫, ১১ মে ২০২৬

ঢাকাসহ দেশের পাঁচ উপকূলীয় জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সোমবার (১১ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

এছাড়াও অপর পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

এদিকে ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টির প্রভাবে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে পরদিন থেকে আবার তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।