img

কানাইঘাটে অটোরিকশা খাদে, স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার

প্রকাশিত :  ১৪:২৫, ২৯ অক্টোবর ২০২৫

 কানাইঘাটে অটোরিকশা খাদে, স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার

কানাইঘাটে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষিকা। বুধবার (২৯ অক্টোবর) সকালে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতিমা বেগম কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আগফৌদ নারাইনপুর গ্রামের বাসিন্দা শাহনেওয়াজ খসরুর স্ত্রী এবং আগফৌদ নারাইনপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামীও একই বিদ্যালয়ের শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফাতিমা বেগম সিলেট শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিপুর-গাছবাড়ি সড়কের ফুলবাড়ি বিল এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফাতিমা বেগম ও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সালিক আহমদ।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতিমা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত সালিক আহমদকে পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষিকার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

‘শাহজালাল (র) এর মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি’

প্রকাশিত :  ১৮:০৯, ২৭ জুন ২০২৬

অলিকুল শিরমনি হযরত শাহজালাল (র) এর মাজার ব্যবস্থাপনা কমিটি রাজনৈতিক পরিচয়ে হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ২০২৬ সালে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে মন্ত্রী সাফ জানান, এই কমিটিতে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বরং প্রতিটি সদস্যকে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ-সদস্য হিসাবে পদাধিকার বলে তিনি নিজে এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন উল্লেখ করে বলেন, এখানে রাজনীতির চেয়ে সেবার মনোভাব ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

সম্প্রতি মাজারের দানবাক্সে তালা দেওয়াকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার মধ্যে শুক্রবার সিলেট সার্কিট হাউজে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন-সংক্রান্ত বৈঠক হয়। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রীকে প্রধান করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়, যা আগামী এক মাসের মধ্যে আর্থিক ব্যবস্থাপনার জন্য যৌক্তিক কাঠামো নির্ধারণ করবে।

সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমিতির শীর্ষ নেতারা, জ্যেষ্ঠ আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এবং সেখানে মন্ত্রী নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও সততা বজায় রাখার আহ্বান জানান। 
    

সিলেটের খবর এর আরও খবর