img

টরন্টোতে কনস্যুলার কোরের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের রিসেপশন

প্রকাশিত :  ১৫:৪৪, ০৪ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:৪৮, ০৪ এপ্রিল ২০২৬

টরন্টোতে কনস্যুলার কোরের সম্মানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের রিসেপশন

স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (৩ এপ্রিল) টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কনস্যুলার কোরের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাট্রিয়া ওয়ানের কনফারেন্স হলে অনুষ্ঠিত এ আয়োজনে টরন্টোতে নিযুক্ত বিভিন্ন দেশের কনস্যুলার কোরের সদস্য, আন্তর্জাতিক ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, অন্টারিও প্রাদেশিক পার্লামেন্ট ও সিটি কাউন্সিলের সদস্যসহ কানাডার কয়েকজন রাজনীতিবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অন্টারিওর মানসিক স্বাস্থ্য বিষয়ক সহকারী মন্ত্রী বিজয় থানিগাসালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  এছাড়াও অন্টারিওর প্রাদেশিক সংসদ সদস্য আরিস বাবিকিয়ান অনুষ্ঠানটিতে যোগ দেন।

অনুষ্ঠানের বক্তব্যে কনসাল জেনারেল শাহ্ আলম খোকন দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী শহিদ, মুক্তিযোদ্ধা ও নারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।  তিনি স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান, যার ঐতিহাসিক ঘোষণা জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  এছাড়া গণতান্ত্রিক সংগ্রামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

কনসাল জেনারেল উল্লেখ করেন, বাংলাদেশে সাম্প্রতিক অর্থপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের পর এ বছরের স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ।  তিনি বাংলাদেশের বহুত্ববাদী নীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ প্রার্থীতা ঘোষণা করেছে, যার নির্বাচন ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে।  তিনি আরও জানান, সদ্য নির্বাচিত বাংলাদেশ সরকার এ পদে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দিয়েছে।

কনসাল জেনারেল শাহ্ আলম খোকন বলেন, এই প্রার্থীতা বহুত্ববাদের প্রতি আমাদের গভীর অঙ্গীকার এবং জটিল এই সময়ে বৈশ্বিক শাসনব্যবস্থায় অর্থপূর্ণ অবদান রাখার ইচ্ছাকে প্রতিফলিত করে।  তিনি এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেন।  তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাংলাদেশ একটি নেতৃত্বস্থানীয় কণ্ঠস্বর এবং দেশটি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শীর্ষ সেনা প্রেরণকারী দেশগুলোর অন্যতম।  পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ।

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে বাংলাদেশ ও কানাডার গভীর ও সুদীর্ঘ বন্ধুত্বের ওপর গুরুত্ব আরোপ করেন এবং উল্লেখ করেন যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ হয়েছে।  তিনি সম্প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের ক্ষেত্রে কানাডার অবিচল সমর্থনের ভূয়সী প্রশংসা করেন।  

এ সমর্থনকে গণতন্ত্র, বহুত্ববাদ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন হিসেবে অভিহিত করেন হাইকমিশনার।

হাইকমিশনার আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারত্বের কথাও তুলে ধরেন। তিনি বাংলাদেশের বিকাশমান শিল্প ও অবকাঠামো খাতে কানাডীয় বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের জন্যই লাভজনক বাণিজ্যের প্রসারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।  কানাডায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরে হাইকমিশনার তাদের দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন রচনাকারী হিসেবে আখ্যায়িত করেন।

হাইকমিশনার জসীম উদ্দিন তার বক্তব্যে আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা তার ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদারই বহিঃপ্রকাশ।  ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষা, জলবায়ু সহনশীলতা উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।

প্রধান অতিথি অন্টারিওর সহযোগী মন্ত্রী বিজয় থানিগাসালাম কানাডায় বসবাসরত বাংলাদেশিদের রেসিলিয়েন্স ও পারস্পরিক বন্ধনের প্রশংসা করেন।

আগত অতিথিদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


কমিউনিটি এর আরও খবর

img

লুৎফুর ও এসপায়ারকে সমর্থন জানালেন জেরেমি করবিন এমপি

প্রকাশিত :  ১৯:৩২, ০৫ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৫১, ০৫ এপ্রিল ২০২৬

মেয়র লুৎফুর যা করেছেন, তার জন‍্য আমার শ্রদ্ধা রয়েছে এবং আমি নিশ্চিত মে মাসের নির্বাচনে জনগণ তার স্বীকৃতি দেবে : করবিন

লন্ডন,৩ এপ্রিল: ইয়োর পার্টির পার্লামেন্টারী লিডার ও সাবেক লেবার লিডার জেরেমি করবিন এমপি টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান এবং এসপায়ারকে আসন্ন মে ২০২৬ সালের নির্বাচনে সমর্থন জানিয়েছেন। ইজলিংটন নর্থের এই এমপি বৈষম্য মোকাবিলা, জনসেবায় বিনিয়োগ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকটে বিপদগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রমের প্রশংসা করেন।

লুৎফুর রহমানের নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে করবিন বলেন, “যখন স্থানীয় সরকার সামাজিক ন্যায়বিচারকে অগ্রাধিকার দেয়, তখন কী করা সম্ভব টাওয়ার হ্যামলেটস তার একটি “স্পষ্ট উদাহরণ।”

তিনি এফোর্ডেবল হোমস, উন্নত ইয়ুথ সার্ভিস এবং নিম্নআয়ের ও বয়স্ক বাসিন্দাদের জন্য জন‍্য পরিকল্পিত সহায়তায় ধারাবাহিক বিনিয়োগের কথা তুলে ধরেন।

উল্লেখিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল সকল স্কুলে বিনামূল্যে স্কুল মিল প্রদান, ইউনিভার্সিটি গ্রান্ট কর্মসূচি চালু করা এবং জাতীয় সহায়তা বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয়ভাবে শীতকালীন জ্বালানি বা উইন্টার ফুয়েল সহায়তা কর্মসূচির মাধ্যমে বাড়তি জ্বালানি খরচে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সুরক্ষা দেওয়া।

করবিন যুব সমাজের প্রতি কাউন্সিলের অঙ্গীকারেরও প্রশংসা করেন। তিনি বলেন, “যখন দেশের অনেক জায়গায় যুবসেবা বা ইয়ুথ সার্ভিস কমিয়ে দেওয়া হয়েছে, তখন টাওয়ার হ্যামলেটস ২০টি ইয়ুথ সেন্টার প্রতিষ্ঠায় বিনিয়োগ করছে।”

জেরিমি করবিন এলাকায় ৬ হাজার নতুন ঘর-বাড়ি নির্মাণকে স্বাগত জানান। যার মধ্যে কাউন্সিল ও হাউজিং অ্যাসোসিয়েশনের পার্টনারশীপ রয়েছে, এবং প্রকৃত এফোর্ডেবল হোমসের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। 

তিনি বলেন, এসব উদ্যোগ লন্ডনের “অসম্ভব” জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় বাসিন্দাদের সহায়তা করছে, এমন সময়ে যখন জাতীয় নীতিমালা মূলত বাজার নির্ভর সমাধানের ওপর নির্ভর করছে।

করবিন বলেন, “মেয়র হিসেবে লুৎফুর যা করেছেন এবং কাউন্সিল যে কাজ করেছে, তা আমি শ্রদ্ধা করি। তাদের প্রতি আমার সমর্থন ও প্রশংসা রয়েছে। আমি নিশ্চিত যে আগামী মে মাসের নির্বাচনে টাওয়ার হ্যামলেটসের জনগণ তার স্বীকৃতি দেবে।”

তিনি Aspire দলের পুনঃর্নির্বাচনের প্রতিও সমর্থন জানান এবং এই প্রশাসনকে কার্যকর ও মূল্যবোধ নির্ভর স্থানীয় সরকারের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

আরও বিস্তৃত আলোচনায় তিনি টাওয়ার হ্যামলেটসের সাফল্যকে Your Party’র সূচনার সঙ্গে যুক্ত করে বলেন: “এখানে দেখা যায় স্থানীয় পর্যায়ে পরিবর্তন এনে এবং জাতীয়ভাবে একটি শক্তিশালী কণ্ঠ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করতে পারি। ঐক্যবদ্ধ থাকতে পারি একটি সামাজিকভাবে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ ব্রিটেনের জন্য।”

-সংবাদ বিজ্ঞপ্তি


কমিউনিটি এর আরও খবর