img

"শব্দে-সংগ্রামে এক জীবন"— কবি ও সাংবাদিক সৌমিত্র দেব টিটোর প্রথম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত :  ০৭:৫৪, ১৫ এপ্রিল ২০২৬

সংগ্রাম দত্ত: শব্দ ছিল তাঁর আশ্রয়, আর সত্য বলা ছিল তাঁর অভ্যাস। কবি, সাহিত্যিক ও সাংবাদিক সৌমিত্র দেব টিটো—এক বছর আগে যিনি হঠাৎ করেই থেমে গেলেন, কিন্তু রেখে গেলেন দীর্ঘ এক প্রতিধ্বনি। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।

২০২৫ সালের ১৫ এপ্রিল, মঙ্গলবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে এজমা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। দ্রুত তাঁর স্ত্রী পলা দেব তাঁকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই নেমে আসে শোকের ছায়া—পরিবার, সহকর্মী ও সাহিত্যপ্রেমীদের মধ্যে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, তিন বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার জেলা শহরে জন্ম নেওয়া সৌমিত্র দেব টিটোর শেকড় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের উচাইল গ্রামে। পিতা সুশীতল দেব ও মাতা মায়া দেবের স্নেহে বেড়ে ওঠা এই মানুষটি ছোটবেলা থেকেই চিন্তা ও চেতনায় ছিলেন ব্যতিক্রম।

নব্বইয়ের দশক থেকে তিনি কবিতা, সাহিত্য ও সাংবাদিকতার জগতে প্রবেশ করেন। ধীরে ধীরে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি। সাংবাদিকতায় ডিপ্লোমা অর্জনের মাধ্যমে পেশাগত দক্ষতাও অর্জন করেন।

পেশাগত জীবনে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও দৈনিক মানবজমিন-এ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কম—যা হয়ে ওঠে তাঁর ভাবনা ও প্রতিবাদের এক শক্তিশালী প্ল্যাটফর্ম।

তাঁর লেখনী ছিল বহুমাত্রিক। কবিতা, প্রবন্ধ, সমসাময়িক বিশ্লেষণ—সব মিলিয়ে তাঁর সম্পাদনা ও লেখায় প্রকাশিত হয়েছে প্রায় ৪০টি বই। ঢাকাস্থ জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে সাংবাদিক মহলেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

কেবল কলমেই সীমাবদ্ধ ছিলেন না তিনি। সমাজ ও রাজনীতির প্রতি ছিল তাঁর গভীর দায়বদ্ধতা। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে তিনি সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণেরও পরিচয় দেন।

তাঁর জীবনের শেষ অধ্যায়ও ছিল সংগ্রামমুখর। ২০২৪ সালের ১৯ অক্টোবর, ৭ মার্চ ও ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলের দাবিতে ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় তিনি ও আরও কয়েকজন লেখক আহত হন। তবুও তিনি থেমে যাননি—চলেছেন নিজের বিশ্বাসে, নিজের কণ্ঠে।

আজ, তাঁর অনুপস্থিতির এক বছর পর, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি শুধু একজন ব্যক্তি নন—একটি সময়, একটি কণ্ঠ, একটি নির্ভীক অবস্থানের নাম।

সৌমিত্র দেব টিটো নেই, কিন্তু তাঁর লেখা, তাঁর উচ্চারণ আর তাঁর সাহসী অবস্থান এখনও বেঁচে আছে—প্রতিটি শব্দে, প্রতিটি স্মৃতিতে।


সিলেটের খবর এর আরও খবর

img

মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রকাশিত :  ১৩:৩২, ২১ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সুচনার লক্ষ্যে ও উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল (১৮ ই এপ্রিল) উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। 

প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ এর যৌথ পরিচালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন মৌলভীবাজার -রাজনগর আসনের সাংসদ এম. নাসের রহমান এমপি। 

অনুষ্ঠানের উদ্বোধক খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী ও মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানৃর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিথিবৃন্দ ছাড়াও এই মহতি পোগ্রামে ডা: রাকিবুল পলাশ, ডা:এনামুর রশিদ দিপু, ডা:ইয়াহিয়া মাহমুদ, ডা: ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী  ও ইমন আহমেদ সহ অন্যান্য ডিরেক্টর ও শেয়ার হোল্ডার বৃন্দ বক্তব্য রাখেন।

আধুনিক যন্ত্রপাতি, ও দক্ষ চিকিৎসক ধারা পরিচালিত নতুন এ প্রতিষ্ঠান চালুর ফলে মৌলভীবাজার জেলাবাসী  সহজে উন্নত চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মধ্যাহ্নভোজন শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক,সাংবাদিক ও সমাজসেবী সহ আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে ফিতা কেটে ও দোয়ার মাধ্যমে হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। 

ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও সকল ডিরেক্টর  এবং শেয়ার হোল্ডার সহ দেশে বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে  মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকারে, মনোরম পরিবেশে ইনসানিয়াতের সাথে মানবতার কল্যাণে নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানায় সবসময় মানুষের পাশে থাকার দীপ্ত শপথে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করে ইনসানিয়া হাসপাতালের আগামী দিনের পথচলায়  বিশ্বময় মৌলভীবাজার জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন। 


সিলেটের খবর এর আরও খবর