img

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

প্রকাশিত :  ০৬:৪১, ২৮ এপ্রিল ২০২৬

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও ৯২৫ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

আদানি পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয়।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম গণমাধ্যমকে জানান, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশজুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে।

আরএনপিএল মূলত রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরিনকোর যৌথ উদ্যোগ। প্রতিষ্ঠানটি ২৮ এপ্রিল থেকেই ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। সেখানে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট, যা চাহিদার তুলনায় বেশ কম ছিল।

অর্থনীতি এর আরও খবর

img

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

প্রকাশিত :  ১২:২৪, ২৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:০৪, ২৮ এপ্রিল ২০২৬

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে। পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম লোডিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের জ্বালানি ইতিহাসে সূচিত হলো অনন্য এক অধ্যায়। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার পর আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা হয়।

এর আগে উদ্বোধনী প্রতিনিধি দল হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতিতেই জ্বালানি লোডিংয়ের কার্যক্রম শুরু করা হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউরেনিয়াম লোডিংয়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত যাচাই-বাছাইও শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই এ কার্যক্রম শুরু করা হয়।

প্রকল্পের ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় এবং দেশীয় দক্ষ প্রকৌশলীদের তত্ত্বাবধানে বিকাল থেকে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা শুরু হয়েছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।