নবীগঞ্জে বাসের টিকিট কিনতে এসে লাশ হয়ে ফিরলেন হাফেজ আবু হানিফ
হবিগঞ্জ জলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় আবু হানিফ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ উপজেলার ৪ নং দীঘলবাগ ইউনিয়নের রাধাপুর (জামারগাঁও) গ্রামের খালিক মিয়ার ছেলে। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে আউশকান্দি সিএনজি ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় একটি বেপরোয়া পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু হানিফের বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, আবু হানিফ চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসের টিকিট কিনতে আউশকান্দিতে এসেছিলেন। কিন্তু টিকিট কেনার আগেই সড়ক দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালের জরুরি বিভাগে স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা বারবার কান্নায় ভেঙে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।



















